স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : অননুমোদিত প্যাকেটজাত করে ভারতীয় মহিষের মাংস বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১ জনকে কারাদন্ড দিয়েছে করেছে র্যাব-১১। রোববার (২ ফেব্রুয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন আদমজী বিহারী ক্যাম্প এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় একটি কাভার্ডভ্যানে রক্ষিত ১০ কেজির ২০টি, ১৮ কেজির ২২টি এবং ২০ কেজির ৩ ধরণের প্যাকেটে আনুমানিক ৬৫০ কেজি মহিষের মাংস ও বহনকারী কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়।
গ্রেফতারকৃতকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক’র ভ্রাম্যমাণ আদালতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ও জব্দকৃত মহিষের মাংস ধ্বংস করার নির্দেশ দেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেন।
মো.জসিম উদ্দীন চৌধুরী জানান, গ্রেফতার জিজ্ঞাসাবাদ ও প্যাকেটজাত মাংসগুলো পর্যালোচনা এবং স্থানীয় সাক্ষীদের জবানবন্দিতে জানা যায় যে, তারা সপ্তাহে ৩ দিন ঢাকার তেজগাঁও হতে অননুমোদিতভাবে প্যাকেটজাত মাংসগুলো নিয়ে এসে নারায়ণগঞ্জে বিভিন্ন রেষ্টুরেন্ট ও স্থানীয় কশাই’র কাছে বিক্রি করে যা তারা হোটেল ও রেষ্টুরেন্ট ও সাধারণ লোকজনের কাছে গরুর মাংস বলে বিক্রি করে।
হিমায়িত ও প্যাকেটজাত মাংসগুলো বিক্রির জন্য আইনানুযায়ী প্রাণিসম্পদ কর্তৃক কোয়ারান্টাইন সার্টিফিকেট থাকার প্রয়োজন তা তাদের নেই। আমদানীকারক প্রতিষ্ঠান হিসেবে তারেক ট্রেডার্স ও ইগলু এবং প্যাকেটের গায়ে তারেক ট্রেডার্স ও ইগলু লেখা থাকলেও ওই কোম্পানীর অনূকুলে প্রাণী সম্পদ অধিদপ্তরের কোয়ারান্টাইন সার্টিফিকেট তারা দেখাতে পারেনি। হিমায়িত মাংস প্রক্রিয়াজাতকরণের আইনানুযায়ী প্যাকেটজাত করা হতে ভোক্তার কাছে পৌঁছা পর্যন্ত যে ফ্রিজিং চেইন রাখার বিধান থাকলেও তা অমান্য করে তারা নন-ফ্রিজিং গাড়িতে নিয়ে আসে যার ফলে মাংসের গুণগতমান নষ্ট হয়ে যায় এবং এই মাংস জনস্বাস্থ্যের পক্ষে ব্যাপক ক্ষতিকর।
অননুমোদিত ও ভেজাল খাদ্য উৎপাদন, সংরক্ষণ এবং বাজারজাতকরণের বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাবের এ কর্মকর্তা।


