Logo
Logo
×

নগরের বাইরে

চলতি বছরেই শেষ হচ্ছে বন্দর শ্রমকল্যাণ কেন্দ্র নির্মাণকাজ 

Icon

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২০, ১২:৫৫ পিএম

চলতি বছরেই শেষ হচ্ছে বন্দর শ্রমকল্যাণ কেন্দ্র নির্মাণকাজ 
Swapno

শাহজাহান দোলন (যুগের চিন্তা ১৪) : শীতলক্ষ্যা নদীর পূর্বপাড়ে বন্দরে শ্রমজীবী নারীদের জন্য নির্মাণ করা হচ্ছে আধুনিক এবং নিরাপদ আবাসিক হোস্টেল। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সেনা কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে বন্দরের রাজবাড়ি এলাকায় শ্রম অধিদপ্তরের ৫৫ একর নিজস্ব জমিতে ৯ তলা বিশিষ্ট এই হোস্টেলটি এখন দৃশ্যমান। 

 

শিল্পসমৃদ্ধ এই শহরের নারী শ্রমিকদের স্বল্প খরচে থাকা খাওয়াসহ নানান সুযোগ-সুবিধা নিশ্চিতের লক্ষে ৫৫ কোটি টাকা ব্যয়ে ২০১৮ সালের জুলাই মাসে প্রকল্পটির কাজ শুরু হয়। এখন পর্যন্ত এই প্রকল্পের কাজ ৯০ ভাগেরও বেশি সম্পন্ন হয়েছে। ধারণা করা হচ্ছে ২০২১ সালের শুরুতে হোস্টেলটি বিভিন্ন পেশায় নিয়োজিত শ্রমজীবী নারীদের থাকার জন্য উন্মুক্ত করা হবে। যেখানে একসঙ্গে থাকতে পাড়বে ৭০০ জনের বেশি শ্রমজীবী নারী।


শ্রম অধিদপ্তরের দেয়া তথ্য মতে, ৯ তলা বিশিষ্ট এই হোস্টেলটিতে থাকবে একটি ৫ শয্যার হাসপাতাল, ঔষধের ফার্মেসী, খাবারের ক্যান্টিন, লাইব্রেরি, খেলাধুলার স্থান, হলরুম, আধুনিক কনফারেন্স রুম এবং শ্রম কল্যাণ বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা।

 

সরেজমিনে গিয়ে দেখা যায়, হোস্টেলটির প্রত্যেক তলায় সাধারণ শ্রমিকদের জন্য ১৮ টি এবং ভিআইপিদের জন্য ৪ টি করে থাকার রুম করা হয়েছে। চর্তুদিকে খোলামেলা বারান্দাসহ এসব রুমগুলোতে ৪ জন করে শ্রমিক থাকতে পারবে। অন্যদিকে গর্ভবতী ও ছোট বাচ্চাসহ কোন শ্রমিক এখানে থাকতে চাইলে তাঁদের জন্যও করা হয়েছে বিশেষ ব্যবস্থা। এছাড়া রয়েছে আধুনিক স্বাস্থ্যসম্মত ১২ টি টয়লেট ও ৯ টি গোসলখানা। আছে ৯ টি বিশাল রান্নাঘর। আর শ্রমিকদের স্বাভাবিক যাতায়তের জন্য করা হয়েছে ৩ টি সিঁড়ি এবং বসানো হচ্ছে ৩ টি লিফট।

 

প্রকল্পটির প্রকৌশলী মোহাম্মদ আরিফ বলেন, আমাদের কাজ এখন শেষের দিকে। প্রায় ৯০ ভাগ কাজ শেষে হয়ে গেছে। বিশেষ কিছু কাজের মধ্যে লিফট বসানো এবং জেনারেটরের লাইন সংযোগ দেওয়া হবে। তাছাড়া বেশিরভাগ কাজই শেষ। এখানে নরী শ্রমিকদের জন্য পর্যাপ্ত গ্যাস, পানি এবং বিদ্যুতসহ সব ধরনের ব্যবস্থাই গ্রহণ করা হয়েছে। আশা করি দ্রুতই এর কাজ শেষ হয়ে যাবে।

 

বন্দর রেললাইন এলাকার পপি আক্তার নামে এক নারী শ্রমিক বলেন, আমি একটি বেসরকারি হাসপাতালে নার্সের কাজ করি। এখানে টাকা দিয়েই বড় বোনের সাথে থাকি কিন্তু বিভিন্ন রকমের সমস্যা আছি। তা আর বলে শেষ করা যাবেনা। শুনেছি এখানে মেয়েদের জন্য ভালো একটি হোস্টেল হচ্ছে। সেখানে ভালো থাকার ব্যবস্থা থাকবে। আমি ভাবছি হোস্টেলটির কাজ শেষ হলে সেখানে গিয়েই উঠবো।

 

এবিষয়ে বাংলাদেশ শ্রম অধিদপ্তরের পরিচালক এবং প্রকল্পের পিডি আবু আশরিফ মাহমুদ বলেন, ‘নারায়ণগঞ্জে বহু শিল্প প্রতিষ্ঠান রয়েছে সেখানে অনেক নারী শ্রমিক কাজ করে কিন্তু তাদের জন্য তেমন নিরাপদ থাকার জায়গা নেই। সেই কথা মাথায় রেখেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই আধুনিক হোস্টেলটি নির্মাণ করা হচ্ছে। মূলত গার্মেন্টসের নারীদের কথা চিন্তা করে এই হোস্টেলটি করা হলেও সকল পেশার নারী শ্রমিকরাই এখানে থাকতে পাড়বে। আর এ বছরই হোস্টেলটির কাজ  সম্পন্ন করা হবে। ২০২১ সালের জানুয়ারির মধ্যেই সকলের জন্য উন্মুক্ত করা হবে।’

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন