মুজিব শতবর্ষ উপলক্ষে আবাহনী-মোহামেডানের প্রীতি ম্যাচ কাল
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৪০ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : মুজিব শতবর্ষ উপলক্ষে আলীগঞ্জ ক্লাবের উদ্যোগে আবাহনী-মোহামেডানের প্রীতি ফুটবল ম্যাচ সোমবার (৩ ফেব্রয়ারি) অনুষ্ঠিত হবে।
আবাহনী- মোহামেডান এর লড়াই মানে অন্য রকম অনুভূতি, অন্য রকম উত্তেজনা ও রোমাঞ্চ। এবার সেই উত্তেজনার পারদ ছড়িয়ে দিতে মুজিব শতবর্ষ উপলক্ষে আলীগঞ্জ ক্লাবের উদ্যোগে আলীগঞ্জ খেলার মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রীতি ফুটবল ম্যাচ। আর সেই প্রীতি ফুটবল ম্যাচ এ একে অপরের মুখোমুখি হবে দর্শকদের মনে সাড়া জাগানো দুই চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব ও চট্টগ্রাম আবাহনী।
ম্যাচটিকে ঘিরে ইতিমধ্যে তোলপাড় শুরু হয়েছে ফুটবলপ্রেমী দর্শকদের মাঝে।বাড়তি উন্মাদনা ও উৎসাহ পরিলক্ষিত হচ্ছে সর্বত্র।
আলীগঞ্জ ক্লাবের সমাজকল্যাণ সম্পাদক ও ক্লাবের ফুটবল সেক্রেটারি হাজী মো. রফিকুল ইসলাম শামীম ফুটবলপ্রেমী দর্শকদের জমজমাট এ খেলাটি দেখার আমন্ত্রণ জানিয়ে বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে আলীগঞ্জ ক্লাবের উদ্যোগে এ প্রীতি ম্যাচের সভাপতিত্ব করবেন আলীগঞ্জ ক্লাবের সভাপতি ও নন্দিত শ্রমিক নেতা কাউসার আহমাদ পলাশ।
অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ, বাদল রায়, জনি, রিয়াজ, গাফফার, সাব্বির, নকিব, আরমান আজিজ প্রমুখ।
আরও উপস্থিত থাকবেন, আলীগঞ্জ ক্লাবের সহসভাপতি মো.ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক হাজী মো. নুরুল ইসলাম মেম্বার, কোষাধ্যক্ষ হাজী মো. আরিফুল ইসলামসহ ক্লাবের শীর্ষ কর্মকর্তারা।


