Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট : নারীসহ আহত ৫

Icon

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২০, ০৮:১৬ পিএম

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট : নারীসহ আহত ৫
Swapno

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জে জোরপূর্বক বাড়িঘর দখলের চেষ্টায় বাঁধা দেওয়ায় প্রতিপক্ষের সন্ত্রাসীরা বৃদ্ধ ও নারীসহ একই পরিবারের ৫ জনকে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় প্রতিপক্ষের সন্ত্রাসীরা বাড়িঘর ভাংচুর ও শ্লীলতাহানির ঘটায়।

 
আহতরা হলো-আব্দুল হামিদ, তার স্ত্রী হাজেরা বেগম, ছেলে ফারুক মিয়া, ছেলের বউ জিয়াসমিন বেগম ও অপর ছেলের বউ জাকিয়া বেগম।


শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গোলাকান্দাইল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত জিয়াসমিন বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। 


জিয়াসমিন বেগম জানান, তার স্বামী ফারুক মিয়া ও ভাসুর মো. রুহুল আমিন গোলাকান্দাইল এলাকায় ১৭ শতাংশ জমি ওয়ারিশসূত্রে মালিক হয়ে বসতবাড়ি নির্মাণ করে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছেন। একই এলাকার আব্দুল সোবহান, মোসা.জরিনা বেগম, রফিকুল ইসলাম, রবিন মিয়া ও রাকিমা বেগম বেশকিছুদিন ধরে তাদের বাড়িটি দখলের পায়তারা করে আসছে। এর জের ধরে শনিবার বিকেলে প্রতিপক্ষের লোকজনসহ অজ্ঞাত ৭/৮ জন চাপাতি, রামদাসহ দেশিয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জিয়াসমিন বেগমদের বসত বাড়ি দখল করতে বাড়িতে হামলা ভাংচুর চালাতে থাকে। এসময় জিয়াসমিন বেগম ও জা জাকিয়া বেগম বাঁধা প্রদান করলে হামলাকারীরা তাদের এলোপাথারিভাবে পিটিয়ে আহত করেন।


স্বামী ফারুক মিয়া, শ্বশুর আব্দুল হামিদ ও শাশুড়ি হাজেরা বেগম তাদের বাঁচাতে এগিয়ে আসলে প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাদেরও এলোপাথারিভাবে পিটিয়ে আহত করেন। এসময় হামলাকারীরা আলমারীর তালা ভেঙ্গে নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা ও ২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। শুধু তাই নয়, প্রতিপক্ষ জরিনা জেসমিন বেগমের পরিবারের লোকজনকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসাবে বলেও হুমকি দেয়। 


গত ৩১ জানুয়ারিও প্রতিপক্ষের লোকজন বাড়ি দখল করতে জিয়াসমিন বেগমদের বাড়িতে হামলা ভাংচুর চালায়। তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকেরা বিভিন্ন হুমকি ধামকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসাপাতালে চিকিৎসা নেয়ায়। 


রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন