ছুটির দিনে সোনারগাঁয়ের লোকজ মেলায় পর্যটক ও দর্শনার্থীদের ঢল
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২০, ১০:৩৯ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ছুটির দিনে সোনারগাঁয়ে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসবে দেশি-বিদেশি পর্যটক ও দর্শনার্থীদের ঢল নেমেছে। লোকজ সংস্কৃতি ও প্রাচীন ঐতিহ্যের নিদর্শনের পাশাপাশি সববয়সের মানুষের উপযোগী বিনোদনের ব্যবস্থা থাকায় বিনোদনপ্রেমীরা ঝুঁকছেন এই মেলার প্রতি।
দিন যতোই যাচ্ছে মেলায় দর্শনার্থীদের সংখ্যা বাড়ছে। আয়োজক কর্তৃপক্ষ আশা করছেন গত বছরের চেয়ে এবার দর্শনার্থীর সংখ্যা দ্বিগুণ বাড়বে। শুক্রবার দিনটি ছিল লোকজ মেলায় উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশ।
মেলার এগারোতম দিনটি ছুটির দিন হওয়ায় রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা থেকে স্বপরিবারে মানুষ ভীড় করেন এখানে। শহরের যান্ত্রিক কোলাহলের একঘেঁয়েমি থেকে কিছুটা স্বস্তির আশায় মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সোনারগাঁয়ের লোকজ উৎসবে এসে শামিল হন বিনোদনপ্রেমীরা। এমনকি বিদেশি পর্যটকরাও। ছোট বড় সব বয়সের মানুষের মিলনমেলায় পরিনত হয় মেলা প্রাঙ্গণ।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন আয়োজিত মাসব্যাপী এ মেলায় কারুশিল্পীদের লোকজ পণ্য সামগ্রীর প্রদর্শনী ছাড়াও রয়েছে শিশু-কিশোরদের জন্য বায়োস্কোপ, চরকি, নাগরদোলা, গ্রামীণ খেলা ও নৌকায় ঘুরে বেড়ানোসহ নানা ধরনের বিনোদনের ব্যবস্থা। পাশাপাশি মোঘল সম্রাট ঈশা খাঁ’র আমলে নির্মিত ঐতিহাসিক বড় সর্দার বাড়ি এবং শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প যাদুঘরে সাজানো প্রাচীন বাংলার মানুষদের ব্যবহৃত হাজার বছরের পুরনো ঐতিহাসিক নিদর্শন উপভোগ করার সুব্যবস্থা।
এছাড়া প্রতিদিন সন্ধ্যায় লোকজ উৎসবে বাউলগান, পালাগান, কবিগান, ভাওয়াইয়া, ভাটিয়ালী, জারি-সারি, মুর্শিদী, হাছনরাজার গান ও লালন সংগীতসহ বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের নিয়মিত আয়োজন মেলাকে উৎসবমুখর করে তুলেছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মেলায় আসা দর্শনার্থী ও অংশগ্রহণকারীদের নিরাপত্তার জন্য সবরকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। সিসি ক্যামেরার আওতায় মেলার নিরাপত্তা নিশ্চিতের কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শেষ দিন পর্যন্ত এই লোকজ মেলা আরো জাঁকজমকপূর্ণ হয়ে উঠবে বলে আশা করছেন ফাউন্ডেশন কর্তৃপক্ষ। প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত উন্মুক্ত রাখা মাসক্যাপী এই লোকজ মেলা চলবে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।


