Logo
Logo
×

নগরের বাইরে

ঝুঁকিপূর্ণ কক্ষেই চলছে কোমলমতি শিশুদের পাঠদান

Icon

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২০, ০২:২৪ পিএম

ঝুঁকিপূর্ণ কক্ষেই চলছে কোমলমতি শিশুদের পাঠদান
Swapno

শাহজাহান দোলন (যুগের চিন্তা ২৪) : শীতলক্ষ্যা নদীর পূর্বদিকে চলে যাওয়া বন্দর এস.এম শাহ রোডের পাশে কোন রকম দাঁড়িয়ে আছে ঝুঁকিপূর্ণ একটি বিদ্যালয়ের ভবন। দূর থেকে দেখতে ক্ষীণ, প্রায় পয়ত্রিশ বছরের পুরনো জরাজীর্ণ এই ভবনেই প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পড়াশোনা করছে ৭০০ জনের বেশি ছাত্র-ছাত্রী। যা কিনা নিঃসন্দেহে বিস্ময়কর।


কারণ কোমলমতি শিশুদের বিদ্যালয় মুখী করতে যখন নতুন বই, খাবার, উন্মুক্ত খেলার মাঠ, আধুনিক ভবনসহ প্রাথমিক শিক্ষা খাতের নানা উন্নয়ন গ্রামগঞ্জেও চোখে পড়েছে। তখন নারায়ণগঞ্জের মতো শিল্পসমৃদ্ধ একটি শহরে পুরনো ঝুঁকিপূর্ণ ভবনে শিশুদের পাঠদান সকলের কাছেই অদ্ভুত লাগবে।


সরেজমিনে গিয়ে দেখা যায়, দুই তলা বিশিষ্ট বন্দর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সর্বমোট ৭ টি কক্ষের মধ্যে বেশির ভাগেরই বেহাল অবস্থা। প্রায় প্রতিটি শ্রেণিকক্ষেই ফ্লোর থেকে উঁচু পর্যন্ত জায়গায় জায়গায় ছোটবড় গর্ত। দেয়াল ও ছাদ থেকে পলেস্তরা খসে খসে পড়ছে। সংকট রয়েছে পর্যাপ্ত শ্রেণিকক্ষ এবং ভালো সৌচাগারের।


 কর্তৃপক্ষের সাথে কথা বলেন জানা গেছে, ঝুঁকিপূর্ণ এই বিদ্যালয়টিকে এখন পুনরায় নির্মাণ করা প্রয়োজন। কিন্তু পর্যাপ্ত জায়গার অভাবে তা হয়ে উঠছেনা। ফলে ঝুঁকির সাথেই বিদ্যালয়ে আসা যাওয়া করছে শত শত শিক্ষার্থী।


নিখিল চন্দ্র সূত্রধর নামে এই বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, ‘আমরা খুবই ঝুঁকির মধ্যে আছি। সমস্যার অন্ত নেই। ভয় হয় যে, কখন ছাদ ভেঙে বাচ্চাদের উপর পড়ে যায়। এছাড়া বর্ষাকালে একটু বৃষ্টি হলেই ছাদ থেকে পানি চুইয়ে চুইয়ে বাচ্চাদের বই খাতার মধ্যে পড়ে। তাই সরকারের কাছে আমার অনুরোধ দ্রুতই যেন এখানে একটি নতুন ভবন তৈরীর ব্যবস্থা করে দেয়া হয়। 


অন্যদিকে এই বিদ্যালয়টিতেই পড়ে আসমা বেগম নামে এক গৃহিনীর দুই সন্তান। তিনি বলেন, ক্লাসরুমের ছাদ এতটাই আলগা যে, একটু বাতাস আসলেই ধূলা-বালু ছেলে মেয়দের গায়ে পড়ে। অনেক সময় চোখেও যায়। আর এই ভবনটিও অনেক জায়গাতে ভাঙা। তাই সব সময় বাচ্চাদের নিয়ে একটা আতঙ্কের মধ্যে থাকি।


তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ইতিমধ্যেই এখানে ১৪টি রুম বিশিষ্ট নতুন ভবনের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। কিছুদিন আগে তাঁরা এখানে এসে পরিদর্শন করে গেছেন। কিন্তু পর্যাপ্ত জায়গার অভাবে নতুন ভবনের কাজ শুরু করা যাচ্ছেনা।


ভবন নির্মাণের বিষয়ে জানতে চাইলে বন্দর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ সাইফুদ্দিন বলেন, এ বিষয়ে আমরা ওয়াকিবহাল আছি কিন্তু কিছু করার নেই। বেশ কয়েকটি কারণেই এই স্কুলটির জন্য দুই বার বরাদ্ধ এসে ফেরত গেছে, কাজ হয়নি।


কিন্তু কি কারণে দুই বার বরাদ্ধ এসে ফেরত গেছে? প্রশ্ন করলে বন্দর স্থানীয় সরকার প্রকৌশলী রাজিউল্লাহ বলেন, আসলে সাধারণত একটি বিদ্যালয়ের ভবন তৈরী করতে ৪ কাঠার মতো জায়গা প্রয়োজন হয়। সেখানে বন্দর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেই জায়গাটুকু নেই। সেখানে তাদের খুব সম্ভবত ২ কাঠার মতো জায়গা রয়েছে। ফলে আধুনিক ভবন নির্মাণ করা সম্ভবপর হয়নি।


আর বিষয়টিকে আমলে নিয়ে দ্রুতই ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিন। তিনি বলেন, ‘এটা অত্যান্ত ভয়ঙ্কর একটি বিষয়। আমি আগে এটা জানতাম না। এখন যেহেতু জানলাম দ্রুতই এর একটা ব্যবস্থা করবো।’
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন