স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ফের এলাকায় মহড়া দিয়েছে মীরু ও তার লোকজন। এলাকাবাসীর প্রতিরোধের মুখে বেশ কয়েকমাস এলাকায় প্রবেশ করতে পারেনি সে। বৃহস্পতিবার এলাকায় ফিরে আসার পর এলাকায় তুমল উত্তেজনা দেখা দেয়।
এক পর্যায়ে এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার বজায় রাখার জন্য মীরু ও এলাকাবাসীকে থানায় ডেকে এনেছিলেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন। উভয় পক্ষকে শান্তিপূর্নভাবে বসবাস করার নির্দেশনাও দিয়েছিলেন তিনি।
কিন্তু ২৪ ঘন্টা যেতে না যেতেই শুক্রবার সন্ধ্যায় মীরু বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে কুতুবপুরের শাহিবাজার ও শাহি মহল্লা এলাকায় মহড়া দিয়েছেন। তার এ মহড়ায় এলাকায় নতুন করে শুরু হয়েছে উত্তেজনা। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছে এলাকাবাসী।
মীর হোসেন মীরু। সন্ত্রাসের জনপদ বলে খ্যাত কুতুবপুরে নতুন আতংক তিনি। সাংসদ শামীম ওসমানের আস্থাভাজন হিসেবে তার পরিচিতি রয়েছে। ছিলেন ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলীর ছায়া তলে। কিলার মনির হত্যাকান্ডের পর মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজামের ঘাটে ভিড়েন তিনি।
স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের পদবীর তকমা গায়ে লাগিয়ে এলাকায় একের এক সন্ত্রাসী কর্মকান্ড করাই তার কাজ। এলাকায় ঝুট সন্ত্রাস, ভুমি দখল থেকে শুরু করে সন্ত্রাসী কর্মকান্ড করে ফতুল্লায় বরাবরই আলোচনায় থাকেন মীর হোসেন মীরু।
এসপি হারুন অর রশিদ থাকাকালীন সময়ে মীরুর বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি চাঁদাবাজী মামলা দায়ের হয়। ওই মামলার পর থেকে মীরু ছিলেন এলাকা ছাড়া। এলাকাবাসীও মীরুকে অবাঞ্চিত ঘোষনা করে। নিজের অবস্থান জানান দিতে পাগলা শাহী বাজার কমিটির সভাপতি পদে নির্বাচন করেন তিনি।
কিন্তু এলাকাবাসী ও বাজার কমিটির ব্যবসায়ীরা মীরুকে বয়কট করেন। এরআগে জোর করে বাজার কমিটির সভাপতি হয়ে টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সে কারনেই এবারের বাজার কমিটির নির্বাচনে ব্যবসয়ায়ীরা তাকে বয়কট করেন।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় মীরু এলাকায় প্রবেশ করে। মীরু ফিরে আসাতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। এলাকাবাসী চাঁদ সেলিম ও মীরু পক্ষের মধ্যে যখন টান টান উত্তেজনা চলছিল তখন ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন সবাইকে থানায় ডেকে আনেন।
এক পর্যায়ে এলাকায় আইনশৃঙ্খলার অবনতি যাতে না ঘটে সে ব্যাপারে সবাইকে সতর্ক করে দেন। কিন্তু ওসির দেয়া নির্দেশনার ২৪ ঘন্টার মধ্যেই মীরু তার সন্ত্রাসী বাহিনীর সদস্যদের দিয়ে এলাকায় মহড়া দিয়েছেন। এতে এলাকায় ক্ষোভ চলছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন এলাকার পঞ্চায়েত কমিটি।
যে ভাবে মীরু হয়ে উঠে সন্ত্রাসী
কুতুবপুরে নিহত সন্ত্রাসী তোফাজ্জলের টি বয় ছিল মীরু। তোফাজ্জলের মৃত্যুর পর পুরো এলাকা নিজের দখলে নিতে মীরু শুরু করে সন্ত্রাসী কর্মকান্ড। নিজেই গড়ে তোলেন একাধিক সন্ত্রাসী বাহিনী। এক সময়ের তুখোড় ফুটবলার মীরুর নামের পাশে যুক্ত হয় সন্ত্রাসী শব্দটি। প্রতিপক্ষের সাথে গোলাগুলি করতে গিয়ে ২০০৯ সালে গুলিবিদ্ধ হয় সে। এরপর থেকেই পঙ্গুত্ব বরণ করেন।
হুইল চেয়ারে বসেই চালাতে শুরু করেন সাম্রাজ্য। নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের আস্থাভাজন হিসেবেও মীরুর পরিচিতি রয়েছে। এলাকার মাদক ব্যবসা,চুরি,ডাকাতি, ছিনতাই,জবর দখল সব কিছুতেই ঐ গুনধর ব্যক্তিটির নাম জড়িয়ে আছে। মীরু নিজে কোন অপকর্ম না করলেও পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়েন বলে অভিযোগ ভূক্তভোগীদের।
মীরু ও তার বাহিনীর সদস্যদের বিরুদ্ধে সম্প্রতি অভিযোগ
একাদশ সংসদ নির্বাচনের পর মীরু ও তার বাহিনীর সদস্যরা আরো বেপরোয়া হয়ে উঠে। তারা একর পর এক শুরু করে নানা অপকর্ম। প্রথমে পাগলা দেল পাড়া এলাকায় ইজি বাইক স্ট্যান্ড দখল করে। এরপর মীরুর লোকজন কুতুবপুরের ডিস ব্যবসাকে কেন্দ্র করে শুরু করে তান্ডব। এ নিয়ে বেশ কয়েকদিন এলাকায় চলে উত্তেজনা।
পাগলা শাহী বাজার এলাকায় মীরু শ্যালক শরীফ সিমেন্ট ব্যবসায়ী লিটনকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় একটি মামলাও রুজু হয়েছে শনিবার রাতে। সর্বশেষ কিলার মনির হত্যাকান্ডে প্রধান আসামী হয় মীরু,তার ভাই আলমগীর ও ভাগিনা শাকিলসহ বেশ কয়েকজন।
মীরুর বিরুদ্ধে যতো মামলা
মীরুর বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় হত্যা, মারামারি ও চাঁদাবাজী মামলাসহ সর্বমোট ১৯ টি মামলা রয়েছে। অভিযোগ রয়েছে অর্ধশত। মামলাগুলো হলো-ফতুল্লা মডেল থানার মামলা নং- ৬৪, তাং-১৯/০১/২০১৯ ইং, ধারা- ১৪৩/৩৪১/ ৩২৩/ ৩২৪/ ৩২৫/ ৩২৬/ ৩০৭/৩৭৯/৫০৬(॥)/১১৪/৩৪,ফতুল্লা মডেল থানার মামলা নং- ৭৮(০৫)২০১৬ ইং,ধারা-৩০২/২০১/৩৪ দঃবিঃ। ৩। ফতুল্লা মডেল থানার মামলা নং ১৬(১১)১২ ধারা- ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯ (১) এর টেবিল ৯ (ক) ৩। ফতুল্লা থানার মামলা নং ৪৬(০৯)১২ ধারা-১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯ (১) এর টেবিল ৭ (ক)। ৪। ফতুল্লা থানার মামলা নং- ৭৩(০৩)১২ ধারা-৩৮৫/৩২৩/৩৮০/৩৭৯/৪২৭/৪৪৮/৫০৬ দঃ বিঃ। ৫। ফতুল্লা থানার মামলা নং- ৭১(০৬)১৩ ধারা-১৪৭/১৪৮/৩২৩/৪২৭/৫০৬ দঃ বিঃ। ৬। ফতুল্লা থানার মামলা নং- ৭২(০৪) ১৪ ধারা- ১৪৩/ ৩৪১/ ৩২৪/ ৩২৬/ ৩০৭/৫০৬/১১৪ দঃ বিঃ। ৭। ফতুল্লা থানার মামলা নং- ২৭(০৭) ১৪ ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩৭৯/৫০৬ দঃ বিঃ। ৮। মামলা নং- ৪৬(০৬)১৫ ধারা- ১৪৩/ ৪৪৭/ ৪৪৮/ ৩২৩/ ৩২৫/ ৩০২/ ৫০৬/১১৪ দঃ বিঃ ৮। ফতুল্লা থানার মামলা নং-১৮,তারিখ- ০৭ অক্টো,২০১৬; ধারা- ১৪৩/ ৩৪১/ ৩২৪/ ৩২৬/ ৩০৭/৩৭৯/ ১১৪/৫০৬ দঃ বিঃ। ৯। ফতুল্লা থানার এফ আই আর নং-৬২,ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩৭৯/ ৫০৬ /৩৪ দঃ বিঃ।
এছাড়াও মীরু তার লোকজনদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় জিডি ও অসংখ্য অভিযোগ রয়েছে বলে জানিয়েছে থানা সূত্র।
রাজনৈতিক পরিচয়
মীর হোসেন মীরুর রাজনৈতিক কোনো পরিচয় নেই। থানা বা ইউনিয়ন পর্যায়ে তার কোনো পদ পদবীও নেই। তবুও কুতুবপুর ইউনিয়নের স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক হিসেবে নিজেকে পরিচয় দেন।
সূত্রের দাবী,মীর হোসেন মীরু পাগলা বউ বাজার ও শাহী মহল্লাসহ এর আশপাশের মানুষকে জিম্মি করে রেখেছেন কয়েক বছর ধরে। বেশ কয়েকমাস পূর্বে শাহী বাজার এলাকায় ডিস ব্যবসাও দখল করে নেয় মীরুর অধিনস্তরা।
২০১২ সালে র্যাব-১১ এর সদস্যরা মীরুর শোবার ঘরের বিছানা থেকে একটি পিস্তল উদ্ধার করে। ২০১৩ সালে কুতুবপুরের আওয়ামীলীগ নেতা ও বর্তমান মেম্বার আলাউদ্দিন হাওলাদার মীরুকে প্রধান আসামী করে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন(মামলা নং-৭১)।
সেই মামলায় আলাউদ্দিন হাওলাদার উল্লেখ করেছিলেন,মাদক ব্যবসায় বাধা দেয়ায় মীরু ও তার বাহিনী তার উপর হামলা চালিয়ে কয়েক লাখ টাকা ক্ষতি সাধন করেছিলেন। পরে অবশ্য আলাউদ্দিন হাওলাদার থানায় করা মামলাটি মীরুর ভয়ে আপোষ করেছিলেন।
২০১৪ সালে মাদক ব্যবসায় বাধা দেয়ার কারনে উল্লেখিত এলাকার শাহনাজ বেগমের ছেলেকে রক্তাক্ত জখম করেছিলেন মীরু ও তার বাহিনী। এ বিষয়ে আশুর মা শাহনাজ বেগম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা করেছিলেন (মামলা নং-৭২)।
একই সালের ৮ জুলাই মানিক নামের একজনকে শত্রুতার জের ধরে মারাত্মক আহত করে মীরু ও তার বাহিনী। এ বিষয়ে মানিক বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন(মামলা নং-২৭)।
মীরু বাহিনীর সদস্য যারা
পাগলা বউ বাজার ও শাহী মহল্লার মাদকসহ সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করতে মীরুর রয়েছে বিশাল বাহিনী। উল্লেখিত এলাকার ক্ষমতাসীন দলের দাপুটে নেতারাও মীরু বাহিনীর কাছে জিম্মি হয়ে আছে। মীরু বাহিনীতে যারা রয়েছেন তারা হলেন,মীরুর ভাই আলমগীর, ভাগিনা শাকিল, ভাতিজা রিয়াজ, কামরুল, জাফর, আক্তার, হাবিবুল্লাহ ও ইমরানসহ বেশ কয়েকজন সন্ত্রাসী।
তবে বর্তমানে মীরু বাহিনী দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে। দুটি ভাগের একটিতে মীরুর ভাই আলমগীর, ভাগিনা শাকিল, বিপি রাজিব অপরদিকে হাবিবুল্লা, চাঁদ সেলিম,ইমরান। যারা একসময় মীরু হয়ে কাজ করতো তারা এখন মীরুর বিরুদ্ধে বিরুদ্ধেই অবস্থান নিয়েছে।
মীরুর প্রতিদ্বন্ধী যারা
কুতুবপুর ইউনিয়ন যুবলীগ নেতা খালেক ও ইউপি মেম্বার আলাউদ্দিন হাওলাদার সহ বেশ কয়েকজন রয়েছে মীরুর বিরুদ্ধে। তবে বর্তমানে আলাউদ্দিন মেম্বার এখন মীরুর পক্ষ হয়ে তাজ করছেন। কারন মীরু তার হাতের মুঠোয় থাকলে এলাকায় বিভিন্ন অপকর্ম করা তার পক্ষে সহজ হয়ে যাবে।
সম্প্রতি ছাগল চুরির ঘটনায় দুই যুবককে নির্যাতনের ঘটনায় আলাউদ্দিন হাওলাদারের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি মামলা হয়। এই মামলায় জামিনে আসার পর আলাউদ্দিন হাওলাদার এলাকায় নিজের অবস্থান ধরে রাখতেই মীরুর পক্ষ নিয়েছেন বলে জানিয়েছেন একাধিক সূত্র।
ওসি আসলাম হোসেন যা বলেন
এব্যাপারে ফতুল্লা মডেল থানার অফিসার ইন-চার্জ মো. আসলাম হোসেন বলেন, মীরু ফতুল্লা মডেল থানার একজন তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা গুলোতে সে বর্তমানে জামিনে আছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় মীরু ও তার প্রতিপক্ষের লোকজন এলাকায় মহড়া দেয়। আইনশৃঙ্খলার যাতে কোন রকম অবনতি না ঘটে সে জন্য উভয় পক্ষকে থানায় ডেকে এনে শান্তি শৃঙ্খলা বজার রাখার নির্দেশ দিয়েছি।
যদি কেউ তারপরেও কোন রকম অপরাধ করার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সন্ত্রাসী যে-ই হউক তার কোন ছাড় দেয়া হবে না।


