স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ফতুল্লার কাশিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসেবে নিজেকে জাহির করতেন আনিছুর রহমান শ্যামল। এই পদের তকমা দিয়ে হয়েছেন বিশাল বিত্ত বৈভবের মালিক। এক সময়ের হোসিয়ারী শ্রমিক এখন গড়েতুলেছেন বিশাল সাম্রাজ্য।
থানা আওয়ামীলীগের একজন প্রভাবশালী নেতার নাম ভাঙ্গিয়ে এলাকায় ভুমিদস্যুতা,ইজি বাইক থেকে চাঁদাবাজীসহ নানা অপরাধ কর্মকান্ডের অভিযোগ রয়েছে শ্যামলের বিরুদ্ধে। ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসেবে আনিছুর রহমান রহমান শ্যামল নিজেকে দাবী করলেও তাকে ভালো করে চেনন না ফতুল্লা থানা যুবলীগের বর্তমান সভাপতি মীর সোহেল আলী।
কিভাবে শ্যামল যুবলীগের পদ ব্যবহার করছেন তা তিনি অবগত নন বলেও জানান। সম্প্রতি একজন ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ধর্ষককে পালাতে সহযোগীতা করে শ্যামল। এই অভিযোগে ধর্ষন মামলার আসামীকে পালাতে সহযোগীতা করার দায়ে তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় সোমবার রাতে একটি মামলা দায়ের করেন ছাত্রীর মা।
পুলিশ ধর্ষক তুর্জ ও তাকে পালাতে সাহায্যকারী শ্যামলকে রাতেই গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার আদালতে দুজনকে পাঠানোর পর আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। শ্যামল গ্রেফতার হওয়ায় ফতুল্লা কাশিপুরের খিল মার্কেট এলাকায় অনেকে স্বস্তি প্রকাশ করেছেন।
কেউ বলে দর্জি,কেউ বলে চাচা আবার কেউবা তাকে ডাকেন কাশিপুরের হাজী নামে। তবে তার আসল নাম আনিছুর রহমান শ্যামল। এক সময়ে গার্মেন্টসে চাকুরী করতেন তিনি। কোন রকমে তার সংসার চালাতেন তিনি। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ সরকার গঠন করার পর থেকেই আওয়ামীলীগের রাজনীতির জার্সি তার গায়ে লাগায়।
এর আগে থানা আওয়ামীলীগের একজন নেতার পাড়ে তার তরী ভিড়ায় দর্জি শ্যামল। আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। এরই মধ্যে কাশিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি হুমায়ুন কবির রতন মৃত্যু বরণ করেন।
এরপরই শ্যামল নিজেই স্বঘোষিত ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসেবে আত্মপ্রকাশ করে। বিভিন্ন সভা সমাবেশে শ্যামলের পরিচিতি পায় ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসেবে। তিনি এই পদে নিজেকে পরিচয় দিতেও গর্ববোধ করেন। অথচ সাংগঠনিকভাবে তার কোন পদ পদবীই নেই।
কাশিপুর খিল মার্কেট এলাকায় চাউর রয়েছে শ্যামলের একটি বিশাল বাহিনী রয়েছে। এই বাহিনীর সদস্যদের দ্বারাই নানা অপকর্ম করে থাকেন তিনি। জমি দখল থেকে শুরু করে ইজি বাইক থেকে চাঁদাবাজী করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কিন্তু ক্ষমতাসীন দলের লোক হিসেবে তার টিকিটিও কেউ ছুতে পারেনি। সাংসদ শামীম ওসমানের বিভিন্ন সভা সমাবেশে তার সরব উপস্থিতি দেখিয়ে বছরের পর বছর তিনি করেছেন নানা অপকর্ম।
এলাকাবাসী জানায়,খিলমার্কেট এলাকায় শ্যামলের যে অফিস রয়েছে সেই অফিসে প্রতিদিনই ফতুল্লা মডেল থানার অফিসারদের আনাগোনা থাকে। এই তকমা ব্যবহার করেও সে তার অফিসটি বিচার সালিশের আখড়া হিসেবে ব্যবহার করে থাকেন। এলাকার বিভিন্ন সমস্যায় তার অফিসেই ছোট খাটো সালিশ বৈঠক করে থাকেন তিনি।
ইভটিজিং থেকে শুরু করে ধর্ষণ বা ধর্ষণ চেষ্টার বিচার তিনি অসৎ উদ্দেশ্যে তার অফিসে বসেই করে থাকেন। গত কয়েক মাস আগে তার অফিসের পাশে ধর্ষণের ঘটনায় একটি সালিশ বৈঠক বসেছিল। পুলিশের একটি টহল টিম সেই সময় সেখান দিয়ে যাচ্ছিলেন।
মানুষের জটলা দেখে পুলিশ ঘটনাস্থলে গেলে সেখানে ধর্ষণের ঘটনায় বিচার শালিশ হতে দেখে অভিযুক্তকে সেই আসর থেকে আটকও করেছিল পুলিশ। সম্প্রতি কাশিপুর খিল মার্কেট এলাকায় একজন ছাত্রী ধর্ষণের শিকার হয়। আর এ ঘটনা ধামাচাপা দিতে শ্যামল তার অফিসে অভিযুক্তকে ডেকে আনেন।
পরে তিনি তার অফিস থেকে অভিযুক্ত তুর্জকে পালাতে সহযোগীতা করেন। অপরদিকে ধর্ষিতার পরিবারকেও তিনি নানা ধরনের হুমকি দেন। এ ঘটনায় ছাত্রীর মা অভিযুক্ত তুর্জকে প্রধান করে এবং শ্যামলকে দ্বিতীয় আসামী করে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করে গত সোমবার রাতে। মামলার পরপরই পুলিশ দুজনকে গ্রেফতার করে। শ্যামলের গ্রেফতারে এলাকায় আওয়ামীলীগ ও যুবলীগ নেতৃবৃন্দের অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন।
আনিছুর রহমান শ্যামল যুবলীগের সভাপতি কিনা এ ব্যাপারে ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী বলেন,শ্যামল কিভাবে যুবলীগের সভাপতি হয়েছেন তা আমার জানা নেই। নিজেকে যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবেও নাকি তিনি নিজেকে দাবী করে থাকেন।
এটাও অযৌক্তি দাবী তার। শ্যামল যে ঘটনা ঘটিয়েছে তা তার ব্যাক্তিগত বিষয়। এখানে দলের কোন বিষয় নয়। আইন তার আইনের গতিতে চলবে। অপরাধীর পরিচয় শুধুই অপরাধী।


