Logo
Logo
×

নগরের বাইরে

চাঁদাদাবি ও হামলা-মিথ্যা মামলার প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ

Icon

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২০, ০৭:০২ পিএম

চাঁদাদাবি ও হামলা-মিথ্যা মামলার প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ
Swapno

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জে চনপাড়া নৌকাঘাট পরিচালনা কমিটির সভাপতি ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বজলুর রহমান বজলুর কাছে চাঁদা দাবি ও হামলা-মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী।

 

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার চনপাড়া পুণর্বাসন কেন্দ্রের ৬নং ওয়ার্ডে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন তারা। 

 

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বজলুর রহমান বজলু, উপজেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা, চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি নাজমা খান, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম, আব্দুল আলী সিকদার ও আনিস মল্লিক, শেখ রাসেল নগর ইউনিয়ন যুবলীগ সভাপতি ডাক্তার আনোয়ার, সাধারণ সম্পাদক আবিদ হাসান চাঁনমিয়া, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক, ছাত্রলীগ সভাপতি আরাফাত, সাধারণ সম্পাদক স্বর্ণালী আক্তার, যুব মহিলালীগ সভাপতি নাজমীন সুলতানা, সাধারণ সম্পাদক শাকিলা প্রমুখ। 

 

সমাবেশে বক্তারা জড়িতদের গ্রেফতার ও হামলা-মিথ্যা মামলার ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, গত ১৯ জানুয়ারি চনপাড়া নৌকাঘাট পরিচালনা কমিটির সভাপতি ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বজলুর রহমান বজলুর বাড়িতে গিয়ে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে মোহাম্মদ আলী, আক্কাস, সিপন, আলম, খলিল, আলমগীর ও তাদের সহযোগীরা। এ সময় বজলু তাদের দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করলে চাঁদাবাজরা তার বাড়িতে হামলা চালায় ও বজলুকে হত্যা করার হুমকি দেয়। এ ঘটনায় বজলুর স্ত্রী সেলিনা আক্তার বাদী হয়ে রূপগঞ্জ থানায় চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে চাঁদাবাজরা উল্টো বজলুর বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ দায়ের করে।

 

বক্তারা আরও বলেন, বজলুর রহমান বজলু চনপাড়া নৌকাঘাট পরিচালনা কমিটির সভাপতি, চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান। তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন এবং চনপাড়ায় আওয়ামী লীগের সুনাম নষ্ট ও আওয়ামী লীগকে ধ্বংস করতেই মোহাম্মদ আলী, আক্কাস, সিপন, আলম, খলিল, আলমগীর ও তাদের সহযোগীরা ষড়যন্ত্র করছে। এ চাঁদাবাজ চক্র দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে বজলুর বাড়িতে হামলা চালিয়েই ক্ষান্ত হয় নি। উল্টো বজলু ও স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় মিথ্যা চাঁদাবাজির অভিযোগ দায়ের করেছে। আমরা চাঁদাবাজ মোহাম্মদ আলী, আক্কাস, সিপন, আলম, খলিল, আলমগীর ও তাদের সহযোগীদের অবিলম্ভে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন