মাদকের জন্য ৩০ লাখ শহীদের আত্মত্যাগ ধুলিসাৎ হবে : ডিসি জসিম
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২০, ০৩:১১ পিএম
আড়াইহাজার (যুগের চিন্তা ২৪) : জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেছেন, বিয়েতে আগের তুলনায় যৌতুক দেয়ানেয়ার হার কমেছে, কিন্তু প্রত্যেকটা বিয়েতে খরচ বেড়েছে।
যৌতুক নিচ্ছে না, কিন্তু অনেক বিয়েতেই ১০ লাখ টাকা খরচ হয়ে যাচ্ছে। পুরুষ নির্যাতন বেড়েছে। পাশাপাশি নারী নির্যাতনের হারও বেড়েছে। জঙ্গীবাদ প্রতিরোধে আমাদের সতর্ক থাকতে হবে।
৩০ লাখ শহীদের আত্মত্যাগ ধুলিসাৎ হয়ে যাবে শুধুমাত্র মাদকের জন্য। মাদক ব্যবসায়ীদের সঙ্গে জনপ্রতিনিধিদের চলাফেলা বন্ধ করতে হবে। আপনারা মাদক প্রতিরোধ কমিটি করবেন। পরিবারকে সময় দিতে হবে। তাহলে মাদক সেবীর সংখ্যা কমে আসবে। বাল্যবিবাহ প্রতিরোধ করতে হবে।
আড়াইহাজারে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটিরিয়ামে মঙ্গলবার (২১ জানুয়ারি) ১০টায় উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর আওতায় প্রশিক্ষণ ও আলোচনা সভায় সভাপতিত্বের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি নজরুল ইসলাম বাবু। উপস্থিত ছিলেন- ইউএনও সোহাগ হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সায়মা আফরোজ ইভা, এ্যাসিল্যান্ড উজ্জ্বল হোসেন, উপজেলা এলজিইডি প্রকৌশলী মুহাম্মদ নাশির উদ্দিন, আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম, স্থানীয় পৌরসভার মেয়র, ইউপি চেয়ারম্যান, কাউন্সিলর, ইউপি সদস্য, সংরক্ষিত আসনের সদস্য, সাংবাদিক, নিকাহ্ রেজিষ্ট্রার, ইমাম ও গন্যমান্য ব্যক্তিরা। এ সময় বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ প্রদান করা হয়।


