রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জে তারাবো ইউনিয়ন পরিষদের প্রয়াত সাবেক চেয়ারম্যান আয়াত আলীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (১৮) গভীর রাতে উপজেলার নোয়াপাড়া এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতদলের সদস্যরা পরিবারের সদস্যদের অস্ত্রেরমুখে জিম্মী করে নগদ ৩ লাখ টাকা ও ৫০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে জানা যায়।
সাবেক চেয়ারম্যানের ছেলে আশরাফ আলী তানভীর জানায়, শনিবার গভীর রাতে একদল ডাকাত জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে পরিবারের সকল সদস্যদের অস্ত্রের মুখে জিম্মী করে ফেলে। পরে তিনটি স্টীলের আলমারির তালা ভেঙ্গে নগদ পৌনে ৩ লাখ টাকা ও ৫০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় আশরাফ আলী তানভীর বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছে।রোববার সকালে ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার মাহিন ফরাজী।
রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) জসিম উদ্দিন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ডাকাতি হওয়া মালামাল উদ্ধার ও ডাকাত দলকে গ্রেফতারের চেষ্টা চলছে।


