Logo
Logo
×

নগরের বাইরে

সেই আ’লীগ নেতা আলাউদ্দিন ভোরে গ্রেফতার, দুপুরে জামিনে মুক্ত

Icon

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২০, ০৮:১১ পিএম

সেই আ’লীগ নেতা আলাউদ্দিন ভোরে গ্রেফতার, দুপুরে জামিনে মুক্ত
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ফতুল্লার কুতুবপুরের বির্তকিত আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন হাওলাদার (৫৫) কে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। তার নিজ কার্যালয়ে দুই যুবককে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে সে পলাতক ছিল। 

 

শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর সাড়ে চারটার দিকে রাজধানী ঢাকার সূত্রাপুর থেকে তাকে গ্রেফতার করে ৬ টার দিকে ফতুল্লা মডেল থানায় নিয়ে আসা হয়। 

 

আলাউদ্দিন হাওলাদারের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসলাম হোসেন বলেন, আলাউদ্দিন হাওলাদার মামলা দায়েরের পরপরই পলাতক ছিলেন। তথ্য প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে ঢাকার সূত্রাপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

 

একই দিন দুপুরে তাকে আদালতে হাজির করা হয়। পরে আসামীর পক্ষে বাদী নাজমা বেগম হলফনামা দাখিল করে। আদালতের বিচারক বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবতাবুজ্জামান আসামী ও বাদির উপস্থিতিতে জামিন মঞ্জুর করেন। 

 

প্রসঙ্গত, ২০১৯ সালের ১২ ডিসেম্বর শাহী মহল্লা এলাকা থেকে শফিকুল ইসলাম নামে এক ব্যক্তির বিদেশী জাতের ছাগল চুরি হয়। এ ঘটনায় ৩১ ডিসেম্বর মুসলিমপাড়া এলাকার রাতুল ও নাঈম নামে দুই যুবককে ধরে আনা হয় কুতুবপুর দুই নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন হাওলাদারের অফিসে। 

 

এখানে এই নেতার নির্দেশে তারই সামনে ওই দুই যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালানো হয়। নির্যাতনের ঘটনা নিয়ে গত ৯ জানুয়ারি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করলে শুরু হয় ব্যাপক তোলপাড়। 

 

১০ জানুয়ারি নির্যাতনের শিকার নাঈমের মা নাজমা বেগম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় আলাউদ্দিন হাওলাদারসহ ৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন। 

 

ওইদিন দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে রবিন ও ইউনূছকে গ্রেফতার করে। গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের একটি আদালতে রবিন ও ইউনূছ জামিনও পেয়েছেন। কিন্তু অধরা ছিলেন আলাউদ্দিন হাওলাদার।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন