রূপগঞ্জে বয়স্ক ভাতার কার্ড দেয়ার কথা বলে প্লট লিখে নেয়ার অভিযোগ
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২০, ০৯:০০ পিএম
রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জে বয়স্ক ভাতার কার্ড দেয়ার কথা বলে ভুমিদস্যুরা আব্দুর রহমান নামে এক বৃদ্ধকে বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে সাড়ে ৩ কোটি টাকার প্লট লিখে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে উপজেলার ভোলানাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বুধবার রাতে বৃদ্ধের ছেলে বাদী হয়ে ভুমিদস্যু রাসেল, হামিদুল, আজিজুল ও আব্দুস সালামকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
বৃদ্ধের ছেলে রুবেল মিয়ার লিখিত অভিযোগ থেকে জানা যায়, তার পিতা আব্দুর রহমান মূল আদিবাসী হিসেবে পূর্বাচল উপশহরের ১৪ নং সেক্টরের ৩০২ নং রাস্তার ৪৩৫৯৫ নং কোডের ৬ নং প্লট বরাদ্দ পান। বিভিন্ন সময় ভুমিদস্যু রাসেল, হামিদুল, আজিজুল ও আব্দুস সালাম বৃদ্ধের প্লটটি জাল জালিয়াতি ও ভয়ভীতির মাধ্যমে প্লটটি লিখে নেয়ার পায়তারা করে আসিেছলো। মঙ্গলবার সন্ধ্যায় ভুমিদস্যুরা ৮০ বছরের বৃদ্ধ আব্দুর রহমানকে বয়স্ক ভাতার কার্ড পাইয়ে দেয়ার নাম করে তাকে বাড়ি থেকে বের করে রাস্তায় নিয়ে আসে।
পরে তাকে জোরপূর্বক একটি সিএনজিতে উঠিয়ে পূর্বাচল উপশহরের ১ নং সেক্টরের হোয়াইট হাউজ নামে একটি রেস্টুরেন্টে বৃদ্ধকে আটকে রেখে পিটিয়ে এবং অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে ষ্ট্যাম্পে টিপসই নেয়।
পরে বৃদ্ধের ছবি তুলে ষ্ট্যাম্পে সংযুক্ত করে ভুমিদস্যুরা বৃদ্ধকে ফেলে রেখে চলে যায়। পরে তার ছেলে তার পিতাকে বাড়িতে না পেয়ে খোজাখুজি করে আহত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে। এ ঘটনায় বৃদ্ধের ছেলে মঙ্গলবার রাতে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত রাসেলের সঙ্গে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি এ বিষয়টি জানিনা। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, এ ঘটনার অভিযোগ পেয়েছি। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।


