রূপগঞ্জে হত্যা মামলা তুলে নিতে খুন করে নদীতে ভাসিয়ে দেওয়া হুমকি
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২০, ০৮:৫৫ পিএম
রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জে বিবাদীরা হত্যা মামলা তুলে নিতে বাদীসহ তার পরিবারকে খুন করে বস্তায় ভরে নদীতে ভাসিয়ে দেওয়া হুমকি প্রদান করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার সন্ধ্যায় উপজেলার চনপাড়া পূর্নবাসন কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে।
মামলার বাদী আসমা আক্তার জানান, গত ২০১৯ সালের ১২ জানুয়ারী চনপাড়া পূর্নবাসন কেন্দ্র এলাকার মেহেদী, মনির হোসেনসহ অজ্ঞাত ৪/৫ জন দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আসমা আক্তারের ছোট ভাই আসলামকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে আসলামকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ঘটনায় আসমা আক্তার বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। আসামী মেহেদী এ মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে জেল হাজতে রয়েছেন। গত বুধবার সন্ধ্যায় মেহেদীর আত্মীয় স্বজন পারভীন ও মাকসুদাসহ অজ্ঞাত ১/২ জন আসমা আক্তারের স্বামী ইলিয়াছকে রাস্তায় একা পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন।
এসময় আসামী পক্ষের লোকেরা হত্যা মামলা তুলে না নিলে আসমা আক্তার ও স্বামী ইলিয়াছকে হত্যা করে লাশ বস্তায় ভরে নদীতে ভাসিয়ে দিবে বলে হুমকি ধামকি প্রদান করেন। এ ঘটনায় আসমা আক্তার বাদী রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন।


