স্টাফ রিপোর্টার : এনায়েতনগর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জানের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়রী করেছেন ঘরোয়া খাবার হোটেলের মালিক হাজী মোতালেব হোসেন। মঙ্গলবার রাতে ধর্মগঞ্জস্থ দি ইউনাইটেড এসোসিয়েশনে মারামারির ঘটনায় তিনি সাধারণ ডায়রীটি করেন।
মোতালেব জানায়,তিনি ইউনাইটেড এসোসিয়েশনের একজন সদস্য। মঙ্গলবার রাত ৮টার দিকে তিনি ক্লাবটিতে প্রবেশ করেন। কোন কিছু বুঝে উঠার আগেই চেয়ারম্যান আসাদুজ্জামান ও ইকবালসহ বেশ কয়েকজন তাকে গালিগালাজ শুরু করেন।
এক পর্যায়ে চেয়ারম্যান আসাদুজ্জামানসহ বেশ কয়েকজন তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন বলেও তিনি জানান। জীবনের নিরাপত্তা চেয়ে তিনি ফতুল্লা মডেল থানায় বুধবার একটি সাধারণ ডায়রী করেছেন।
তিনি আরো জানান, বক্তাবলীর আকবর নগরে সামেদ আলী হাজী ও রহিম হাজীর মধ্যে দ্বন্ধ নিরসনের জন্য তিনি কাজ করেছেন। মূলত এ কাজের কারনেই চেয়ারম্যান আসাদুজ্জামান তার উপর ক্ষিপ্ত হয়ে হামলা চালিয়েছে।
বিষয়টি আমি থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউপির চেয়ারম্যান শওকত আলীকে অবহিত করেছি। তিনি বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন।
তিনি আরো বলেন, ৫/৬ বছর পূর্বে চর বক্তাবলী মৌজায় আমার একটি পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ হয়েছিল। সেই সময় আসাদুজ্জামানকে বিচারে নিয়ে গিয়েছিলাম। পরবর্তীতে আসাদুজ্জামান আমার প্রতিপক্ষের লোকজনদের সাথে মিশে সে ১৫ শতাংশ জমি জোর করে দখল করে নিয়েছে।
এ ব্যাপারেও একটি মামলা দায়ের করবো। তবে জমি দখলের এতো বছর পার হলেও তিনি কেনো আদালতের দ্বারস্থ হননি এমন প্রশ্নের তিনি কোন সদুত্তর দিতে পারেননি।
এব্যাপারে এনায়েতনগর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান দৈনিক যুগের চিন্তাকে বলেন,মঙ্গলবার রাতে ইউনাইটেড এসোসিয়েশনে কোন মারামারির ঘটনা ঘটেনি। হাজী মোতালেক সম্পর্কে আমার বিয়াই হয়। তিনি কি কারণে জিডি করেছেন তা আমার বোধগম্য নয়।
তিনি তৃতীয় কোন পক্ষের দ্বারা হয়তো প্রভাবিত হয়ে জিডি করে থাকতে পারেন। সাজানো ঘটনায় জিডি করার কারণে আমিও আইনের দ্বারস্থ হবো। তিনি আরো বলেন, জমি দখল করার কোন তথ্য প্রমান তিনি দিতে পারবেন না। মোতালেব অসত্য তথ্য দিয়ে বিভ্রান্তি করার চেষ্টা করছে।
ঘটনা প্রসঙ্গে এম শওকত আলী বলেন, মোতালেব একটি বিষয়ে আমাকে অবহিত করেছে। বিষয়টি আসলে কি তা জানতে হবে। না জেনে কোন বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না।


