সোনারগাঁ (যুগের চিন্তা ২৪) : সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের প্রধান ফটকের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার সকালে সোনারগাঁ উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) আল মামুনের নেতত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
আগামী ১৪ জানুয়ারি শুরু হওয়া বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের মাসব্যাপী লোকজ মেলাকে কেন্দ্র করে ওই এলাকা যানজট মুক্ত রাখতে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ করার সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন। সেই আলোকে অভিযান চালানো হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। উচ্ছেদের ফলে ওই সড়কে নির্বিঘ্নে যান চলাচল করতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এর আগে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের লোকজ মেলার মত বিনিময় সভায় বক্তারা যানজট নিরসনের উদ্যোগ নিতে প্রশাসনের প্রতি অনুরোধ করেন। সভায় নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা, সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মো. রকিবুর রহমান খাঁনসহ প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী ফাউন্ডেশনের প্রধান ফটকের সামনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানে সোনারগাঁ পৌরসভা ও সোনারগাঁ থানা পুলিশের একটি দল সহযোগিতা করেন।


