সোনারগাঁয়ে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ৬ মাসের কারাদন্ড
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২০, ০৯:৪৬ পিএম
সোনারগাঁ (যুগের চিন্তা ২৪) : সোনারগাঁ উপজেলার লাধুর চর চকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে নয়ন মিয়া নামের এক ভেকু চালককে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকেলে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রকিবুর রহমান খাঁন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ দন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত নয়ন আড়াইহাজার উপজেলার নেয়াদ্দা গ্রামের আব্দুল বাতেন মিয়ার ছেলে।
সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মো. রকিবুর রহমান খাঁন জানান, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচর চকে দীর্ঘদিন ধরে ওই ইউনিয়ন পরিষদের সদস্য আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে ইজারা ছাড়াই কৃষকের ফসলী জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করে আসছে।
এ নিয়ে স্থানীয় কৃষকরা উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করে। অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার সকালে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে নয়ন মিয়া নামের এক ভেকু চালককে আটক করা হয়। পরে বিকেলে সোনারগাঁ উপজেলা পরিষদ কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়।


