আড়াইহাজার (যুগের চিন্তা ২৪) : আড়াইহাজারে রুবি (৩৮) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মর্দাসাদী এলাকার তারা মিয়ার মেয়ে ও গহরদী নয়াপাড়া এলাকার আলী হোসেনের স্ত্রী। তাঁর দুটি সন্তান রয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে খবর পেয়ে পুলিশ নিহতের শ্বশুরবাড়ি থেকে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এর আগে সোমবার (৬ জানুয়ারি) রাতে রহস্যজনক কারণে তিনি অসুস্থ্য হয়ে পড়েন। পরে শ্বশুরবাড়ির লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ভাই আবুল হাসেম বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। মামলায় তিনি উল্লেখ করেন, তার বোন রুবিকে ১৬ বছর আগে গহরদী নয়াপাড়া এলাকার মৃত আলীর ছেলে আলী হোসেনের সঙ্গে বিয়ে দেয়া হয়। এরই মধ্যে তাদের দাম্পত্য জীবনে দুই সন্তানের জম্ম হয়। সোমবার (৬ জানুয়ারি) রাতে রুবি কীটনাশক সেবন করেছে বলে তার শ্বশুরবাড়ির পক্ষ থেকে জানানো হয়।
পরে মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে শ্বশুরবাড়িতে গিয়ে তার নিজের শোবার ঘরে খাটে মরদেহ দেখতে পান। মৃত্যুর ঘটনাটি মামলার বাদীর কাছে রহস্যজনক বলে মনে হয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করা সম্ভব হবে।


