রড-সিমেন্টের ব্যবসার ঐতিহ্য হারাতে বসেছে মুন্সিখোলা
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২০, ০১:০৭ পিএম
ফতুল্লা (যুগের চিন্তা ২৪) : ফতুল্লার পাগলায় অবস্থিত ঐতিহ্যবাহী মুন্সিখোলা ব্যবসাকেন্দ্র। বর্তমানে ব্যবসা মন্দা যাচ্ছে। পাগলার মুন্সিখোলা তার ঐতিহ্য হারাতে বসেছে। ব্যাঙের ছাতার মতো বিভিন্ন পাড়া মহল্লায় রড সিমেন্টের দোকান গড়ে উঠায় মুন্সিখোলার প্রকৃত ব্যবসায়ীরা তাদের ব্যবসা গুটিয়ে নিচ্ছে। ফলে প্রায় ২০ হাজার ঘাট শ্রমিক বেকার জীবন-যাপন করছে বলে জান াযায়। ইট, বালি, রড, সিমেন্টের প্রয়োজনে বিভিন্ন জেলার দূর-দূরান্ত থেকে ব্যবসায়ীরা এই মুন্সিখোলায় আসতেন।
একসময় পাগলার মুন্সিখোলার ব্যবসা প্রতিষ্ঠানগুলো রাতদিন খোলা রেখে কেনা-বেচা করতো। নদী ঘাটে নোঙ্গর করে থাকতো চট্টগ্রাম ও সিলেট থেকে মালামাল বহনকারী সিমেন্ট, কয়লা, পাথর ভর্তি জাহাজ। এখন রড, সিমেন্ট ব্যবসায়ীদের বড়ই দুর্দিন যাচ্ছে। অনেকেই রড, সিমেন্ট ব্যবসা ছেড়ে ভিটি বালু ব্যবসা করছে বলে জানান। মুন্সিখোলার বেশকিছু প্রতিষ্ঠান একচেটিয়ে রড, সিমেন্ট ব্যবসা করতো।বর্তমানে মুন্সিখোলার সেই অতীত জৌলুসে ভাটা পরেছে। এখানে আর আগের মতো দূর-দূরান্ত থেকে আগত ক্রেতা ব্যবসায়ীদের দেখা মিলে না। অনেক দোকান ব্যবসায়ীরা তাদের দোকানের সার্টার খুলেও সারাদিন ক্রেতা না পাওয়ায় দিন দিন লোকসানের কড়ি গুনছে।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, অনেক শিল্প ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ বিভিন্ন ব্যাংক থেকে লোনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করে আসছিলো। ব্যবসা মন্দার কারণে অনেকেই লোনের টাকা পরিশোধ করতে না পেরে ব্যবসা প্রতিষ্ঠান গুটিয়ে নিচ্ছে। মুন্সিখোলায় প্রায় ১৫টি ঘাট রয়েছে। যেখানে বিশ্বের ৩০টি দেশ থেকে সিমেন্ট আমদানি করা হতো কিন্তু বাংলাদেশে সিমেন্ট তৈরিতে অনেকটা ভাটা পরেছে এ ব্যবসায়। কিন্তু ব্যবসায়ীরা আক্ষেপ করে বলেন, বর্তমানে বাহিরের দেশে সিমেন্ট আমদানি করা যায় না। বাহিরের দেশের সিমেন্ট এনে ব্যবসা করা যায়, বাংলাদেশের সিমেন্টে ব্যবসা করা যায় না। কারণ বাংলাদেশের সিমেন্ট কোম্পানীর মালিকপক্ষরা সিন্ডিকেট করে ব্যবসা করায় আমরা ক্ষতিগ্রস্থ হই। এজন্য বর্তমানে রড, সিমেন্টের ব্যবসা মন্দা।
আশা ট্রান্সপোর্টের পরিচালক মো. বাবুল আহম্মেদ জানান, রড, সিমেন্ট পরিবহনের ট্রাক চালক পরিবহন জড়িত কিন্তু বর্তমানে রড, সিমেন্ট ব্যবসায় ভাটা পড়ায় ট্রাক চালক পরিবহনগুলো তেমনভাবে ব্যবসা করতে পারছেনা।
মেসার্স নূর জাহান ট্রেডার্সের কর্ণধার প্রবীণ ব্যবসায়ী বারেক শিকদার এর সাথে আলাপ করলে বর্তমানের মুন্সিখোলার এই দূরবস্থা’র কথা তুলে ধরেন। তিনি বলেন, বর্তমানে মুন্সিখোলা ব্যবসা করতে হাপিয়ে উঠছেন অনেক ব্যবসায়ীরা। ইতিমধ্যে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে।
বন্ধ প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- মাইশা ইন্টারন্যাশনাল কোম্পানি, সীমা ট্রেডার্স, ফারুক ট্রেডিং, মাসুদ ট্রেডিং কর্পোরেশন, রুবিন ট্রেডিং, মোল্লা ট্রেডিং, ভূঁইয়া ট্রেডিং এন্ড কোম্পানি, সদরপুর ট্রেডিং কর্পোরেশন, ঢাকা ট্রেডিং, চৌধুরী ট্রেডিং কর্পোরেশন, রীতা ট্রেডাস, এসবি এন্টারপ্রাইজসহ অনেক উল্লেখযোগ্য প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। মুন্সিখোলায় মদিনা ট্রেডিং কর্পোরেশন সহ বেশকিছু প্রতিষ্ঠান নামমাত্র ব্যবসা করছে।
মাইশা ইন্টারন্যাশনাল কোম্পানির সাবেক কর্মকর্তা গোলাম কিবরিয়া জানান, বর্তমানে প্রায় ২০ হাজার শ্রমিক বেকার জীবনযাপন করছে। এখানে আর জাহাজ ভর্তি মালামাল তেমন একটা আর আসছেনা। বর্তমানে রড, সিমেন্ট ব্যবসা অনেকটা ঝিমিয়ে পড়েছে। এখন শুধু ভিটি বালু ও আস্তর বালু ব্যবসা দিয়েই চলছে মুন্সিখোলার কর্মব্যস্ত দিন। ভ্যাকু দিয়ে বালি ভরাট ও উত্তোলন-এর কাজ করানো হয়। সাধারণ শ্রমিকরা এখন বেকার হয়ে পড়েছে।


