ইজারাদার ও যাত্রীদের মধ্যে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২০, ০৭:০৩ পিএম
বন্দর (যুগের চিন্তা ২৪) : খেয়া পারাপারের টোল আদায়ের টাকা নিয়ে ঘাট ইজারাদার ও যাত্রীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় বন্দরের মদনগঞ্জ লঞ্চঘাটে এ ঘটনা ঘটে।
সংঘর্ষের ঘটনায় স্বামী স্ত্রীসহ কমপক্ষে ৫ জন আহত হয়েছে। আহতরা হলো রোকন (৩৫), তার স্ত্রী টুম্পা বেগম (২৫), শিশির (১৭), শাকিল (১৯), সজল (১৮)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।
খবর পেয়ে মদনগঞ্জ ফাঁড়ি পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে মারামারি ঘটনায় জড়িত থাকার অপরাধে ইতিহাস (১৬) নামে একজনকে আটক করেছে। এ ব্যাপারে আহত গৃহবধূ টুম্পা বেগম বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় বন্দর থানার মদনগঞ্জ এমএন ঘোষাল রোড এলাকার রোকন মিয়া ও তার স্ত্রী টুম্পা বেগম মোক্তারপুর থেকে ট্রলার যোগে মদনগঞ্জ লঞ্চঘাটে আসে। পরে তারা ঘাট ইজারাদারকে ২ জনের ঘাট ভাড়া বাবদ ১০ টাকা দিলে ওই সময় ইজারাদার ক্ষিপ্ত হয়ে ২০ টাকা দাবি করে। এ নিয়ে ইজারাদা ও তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
ওই সময় ঘাট ইজাদারের সাথে থাকা মাছুম, রাজু ও রফিকসহ অজ্ঞাত ২০/৩০ জন ক্ষিপ্ত হয়ে গৃহবধূ টুম্পাকে শ্লীতাহানী করে এবং তার স্বামী রোকনকে বেদম পিটিয়ে আহত করে। পরে মদনগঞ্জ টিক্কার মোড় এলাকাবাসী এর প্রতিবাদ করলে ওই সময় উল্লেখিতরা ক্ষিপ্ত হয়ে শিশির, শাকিলর ও সজলকে পিটিয়ে আহত করে। হামলাকারিরা ১টি মোবাইল সেট ও নগদ ৪ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
এ রির্পোট লেখা পর্যন্ত আটকৃত ইতিহাসকে ১৫১ ধারায় রোববার (৫ জানুয়ারি) সকালে আদালতে প্রেরণ করেছে পুলিশ।


