ফরিদ আহম্মেদ বাধন : আইন আছে কিন্তু প্রয়োগ নেই। নেই শ্রমিকদের কোন নিরাপত্তাও। আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফতুল্লার ধর্মগঞ্জ চটলার মাঠ এলাকায় বছরের পর বছর ধরে চলছে ১৫/২০টি ডকইয়ার্ড। সরকারিভাবে কলকারখানা পরিদর্শনে নিয়োজিত অফিসার থাকলে সঠিকভাবে দায়িত্ব পালন না করার অভিযোগও বিস্তর। শ্রমিকদের নিরাপত্তা রক্ষায় মালিক পক্ষের ভ্রুক্ষেপ না থাকার কারণে একের পর এক দুর্ঘটনা ঘটেই চলছে।
অপরদিকে সরকারি কর্মকর্তাদের মালিকপক্ষ ম্যানেজ করে চলার কারণেই অবৈধভাবে চলা ডক ইয়ার্ডগুলোতে কোন অভিযান পরিচালিত হয়না বলেও অভিযোগ রয়েছে। দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি শ্রমিক ও খেটে খাওয়া মানুষ। কিন্তু এই শ্রমিকদের কর্মক্ষেত্রে অধিকার বেশিরভাগ সময়ে থাকে নিষ্পেষিত ও উপেক্ষিত। তাদের অধিকারের কথাগুলো বোবা কান্নায় থমকে যায় জীবন চলার পথে।
ফতুল্লার ধর্মগঞ্জ চটলার মাঠের বুড়িগঙ্গার নদীর পাড়ে কয়েক যুগ আগে শুরু হয় জাহাজ নির্মাণ ও পুনঃনির্মাণকারী প্রতিষ্ঠান (ডক ইয়ার্ড)। একে একে নদীর তীরে আফাজ উদ্দিন, আসাদুজ্জামান, স্বপন ভোট,শাহীন ভোট, বাহার মিয়া, সাফায়েত উল্লাহ, আহাম্মদ, সামাদ দর্জি, আমির হোসেন, মনির হোসেন, দেলোয়ার হোসেন দেলু, হিরো, হাবীব তালুকদারসহ বেশ কয়েকজন ব্যাক্তি গড়ে তুলেছেন ডক ইয়ার্ড। এদের মধ্যে হাতে গোনা ৫/৬টি ডক ইয়ার্ডের সরকারিভাবে অনুমোদন থাকলেও বাকিগুলো লাইসেন্স নেই বলেও অভিযোগ রয়েছে।
কয়েকজন ডক ইয়ার্ড শ্রমিক জানান, ধর্মগঞ্জ চটলার মাঠে যে ডক ইয়ার্ডগুলো চলছে মালিকরা তাদের খেয়াল খুশিমতো তাদের প্রতিষ্ঠান পরিচালনা করছে। প্রতিটি ডক ইয়ার্ডে নিম্নমানের বৈদ্যুতিক ক্যাবলের ব্যবহার, শ্রমিকদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত পরিমাণ সরঞ্জামও নেই। নিরাপত্তার জন্য আনুষাঙ্গিক যন্ত্রপাতি না থাকার কারণে প্রায় সময় ডক ইয়ার্ডগুলোতে দুর্ঘটনা ঘটেই চলছে। ইতিপূর্বে বেশ কয়েকজন শ্রমিকের মৃত্যুও হয়েছে। তবুও নিরাপত্তার জন্য মালিকপক্ষ শ্রমিকদের জন্য তেমন কিছু করার উদ্যোগ গ্রহণ করেনি। মৃত্যু ঝুঁকি নিয়েই ধর্মগঞ্জের ডক ইয়ার্ডগুলোতে কাজ করছে জাহাজ নির্মাণ ও পুনঃনির্মাণের প্রায় ১ হাজার শ্রমিক ।
শ্রমিকরা আরও জানায়, আফাজ উদ্দিনের মালিকানাধীন এইচআর স্টিল এন্ড ডক ইায়ার্ডে বিৎুস্পৃষ্টে জাহাজ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। গত শনিবার ডক ইয়ার্ড মালিকপক্ষের গাফলতির কারণে বাল্কহেডের ৪জন শ্রমিকের মৃত্যু হয়। এই ঘটনারও কোন সুষ্ঠ তদন্ত হয়নি। অদৃশ্য কারণে প্রকৃত ঘটনা ধামাচাপা পড়ে গেছে। অনেক আগেই বাল্কহেডটিকে ডক ইয়ার্ডে কাজ করার জন্য উঠানো হয়েছিল। কিন্তু মালিকদের উদাসীনতায় ঐ রাতে বাল্কহেডে পানি প্রবেশ করে দুর্ঘটনা ঘটে। কিন্তু প্রচার করা হয়েছে নোঙ্গর করা ছিল বাল্কহেডটি। যা সম্পূর্ণ অসত্য। এছাড়াও প্রকৃতপক্ষে ধর্মগঞ্জে বেশিরভাগ জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানের লাইসেন্সও নেই। তাই অনেক বড় বড় ঘটনাও ধামাচাপা পড়ে যায় সবার অগোচরে।
এ ব্যাপারে জেলা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক সৌমেন বড়ুয়া বলেন, যেসমস্ত ডক ইয়ার্ডের লাইসেন্স নেই সেগুলো অবৈধ। মালিক পক্ষের শ্রমিকদের নিরাপত্তা সবার আগে নিশ্চিত করার বিধান রয়েছে। যদি কোন অভিযোগ পাওয়া যায় তাহলে ঐ সমস্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফতুল্লা থানা জাহাজ নির্মাণ ও পুনঃনির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বলেন, ডক ইয়ার্ড শ্রমিকদের অধিকার রক্ষা করতে গিয়ে রক্তও ঝরেছে। কিন্তু এরপরও ধর্মগঞ্জে ডক ইয়ার্ড শ্রমিকদের নিরাপত্তায় মালিকপক্ষ উদাসীন। শ্রমিকদের অধিকার রক্ষায় কলকারখানা পরিদর্শক বরাবর একাধিক স্মারকলিপি দেওয়ার পরও অদৃশ্য কারণে শ্রমিকদের অধিকার বাস্তবায়ন হয়নি।
ধর্মগঞ্জ ডক ইয়ার্ড মালিক সমিতির সভাপতি আসাদুজ্জামানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।


