না’গঞ্জ প্রেসক্লাবের নির্বাচনে দুই প্যানেলের মনোনয়নপত্র দাখিল
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২০, ০৬:৫৪ পিএম
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের আসন্ন নির্বাচনে দুটি প্যানেল তাদের মনোনয়নপত্র দাখিল করেছে। এরমধ্যে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে সমমনা পরিষদ থেকে মাসুদ-পন্টি পরিষদ ১১টি পদের জন্য ১১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। শনিবার (১২ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে তারা মনোনয়নপত্র দাখিল করেন।
তারা হলেন- সভাপতি পদে আবু সাউদ মাসুদ (আমাদের সময় ও সম্পাদক ,দৈনিক সোজা সাপটা), সাধারণ সম্পাদক পদে আফজাল হোসেন পন্টি (ভোরের কাগজ ও বাংলাভিশন), সহ-সভাপতি পদে রফিকুল ইসলাম জীবন (নিউ এইজ), যুগ্ম সম্পাদক পদে আহসান সাদিক (চ্যানেল ২৪), কোষাধ্যক্ষ পদে মজিবুল হক পলাশ (প্রথম আলো), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আনিসুর রহমান জুয়েল (মাছরাঙ্গা টেলিভিশন), কার্যকরী সদস্য পদে, আরিফ আলম দীপু ( সম্পাদক দৈনিক শীতলক্ষা), এ.কে.এম মাহফুজুর রহমান (বাংলাদেশ টেলিভিশন), পুলক হাসান ( দৈনিক সংবাদ), বিল্লাল হোসেন রবিন (মানবজমিন) ও লুৎফর রহমান কাকন (আমাদের সময়)।
এদিকে সভাপতি প্রার্থী আবু সাউদ মাসুদ বলেন, পরিবর্তনের অঙ্গীকার নিয়ে প্রেস ক্লাবের লবি প্রথার বিলুপ্ত করা হয়েছে। সাবেক দু’টি লবির যৌথ সভায় সর্বসম্মতি সিদ্ধান্তে লবি প্রথার বিলুপ্তি ঘটানো হয়।
সভায় বলা হয়, সমমনা ও পেশাদার সাংবাদিকরা আর কোন দলাদলিতে যাবে না। ফলে সাবেক দুই লবির সমন্বয়ে সমমনা ও পেশাদার সাংবাদপত্র কর্মীদের সমন্বয়ে ১১ জনের মনোনয়ন দাখিল করা হয়েছে। আমরা সকলের। কোন পক্ষালম্বন নয়। নিরপেক্ষ সাংবাদিকতার উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে আমরা এগিয়ে যাব। ইনশাআল্লাহ।
সাধারন সম্পাদক পদ প্রার্থী আফজাল হোসেন পন্টি বলেন, আমরা নারায়ণগঞ্জবাসীর। পেশাদার সাংবাদিকরা সর্বদাই তার লিখনিতে সমাজের নির্যাতিত নিপড়িত মানুষের পক্ষে তার প্রতিবেদন প্রকাশ করবে। এটাই হবে আমাদের নীতি। উৎসবমুখর পরিবেশে সমমনা পরিষদের মনোনয়নপত্র দাখিল করা হয়।
অপরদিকে মাহবুবুর রহমান মাসুম ও হালিম আজাদের নেতৃত্বে একটি প্যানেল তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। বিস্তারিত জানা না গেলেও ওই প্যানেলে সভাপতি পদে খন্দকার শাহ আলম ও সাধারণ সম্পাদক পদে শরীফুদ্দিন সবুজ।
২৫ ডিসেম্বর ২০২০ শুক্রবার বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রেস ক্লাবে ভোট গ্রহন করা হবে।


