ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই সংগঠনের বিশিষ্টজনদের নিয়ে মতবিনিময় সভা করেছেন। সোমবার দুপুররে চাষাঢ়ার মেনিন ২০০০ চাইনিজ রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শায়েখ মাওলানা সৈয়দ মুহাম্মদ ফজলুল করিম রহ. ইসলামী রিসার্চ সেন্টার (মারকায) বাস্তবায়ন কমিটির আহবায়ক মাও. মজিবুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব মুহা.সুলতান মাহমুদের সঞ্চালনায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী মহাসচিব অধ্যাপক মাহবুবর রহমান, কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী। আরও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা আনোয়ার হোসেন জিহাদী, নারায়ণগঞ্জ জেলা মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক মুফতি মাসুম বিল্লাহ।
মতবিনিময় সভায় পীর সাহেব চরমোনাই বলেন, বিশ্ব মানবতার শাস্তির দূত মহানবী হজরত মুহাম্মদ সা. শান্তি প্রতিষ্ঠার জন্য শাস্তির ধর্ম ইসলাম নিয়ে পৃথিবীতে আগমন করেছিলেন। মহাপবিত্র যে কুরআন আল্লাহ তায়ালা তাঁর উপর নাজিল করেছেন তা কিয়ামত পর্যন্ত মানবকল্যাণে পথ দেখাবে। শুধু মানুষ নয় মানব-দানব, জীবজন্তু সকলের শান্তির বার্তাবাহক এ গ্রন্থ। ইসলামে সকল ধর্মের মানুষ নিরাপদ।
পীর সাহেব চরমোনাই আরও বলেন, অসাম্প্রদায়িক দেশে সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের উস্কানিমূলক বক্তব্য কখনো মেনে নেয়ার মত না। সরকার সহ প্রশাসনের উচিত কঠোর হস্তে এদের দমন করা। অন্যথায় উদ্ভুত পরিস্থিতির জন্য সরকারকে দায় বহন করতে হবে।


