নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৪ আগস্ট ২০২০, ০৯:১৫ পিএম
বিশ্বব্যাপী করোনা মহামারির মহাসংকটময় পরিস্থিতি নিয়ে ও নানা ঘটনাবলীর প্রেক্ষিতে করণীয় সম্পর্কে মতামত সংক্রান্ত কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বিকাল ৫ টায় শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের ৫ম তলার এক্সপেরিমেন্টাল হলে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে এ কর্মী সমাবেশের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি ভবানী শংকর রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহীন মাহমুদের সঞ্চালনায় করোনা দুর্যোগ উত্তর করণীয় এবং বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা রফিউর রাব্বি, ডিজিটিাল নিরাপত্তা আইনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সমগীতের কেন্দ্রীয় সভাপতি শিল্পী অমল আকাশ।
পরে এক মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন, কবি আরিফ বুলবুল, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের প্রদীপ সরকার, সাংস্কৃতিক কর্মী জহিরুল ইসলাম মিন্টু, কবি দীপক ভৌমিক, জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি শুভ দেব, শ্রুতি সাংস্কৃতিক একাডেমির রাজীব বাঙাল, কবি আহম্মেদ বাবলু, উদীচীর উম্মে লায়লা এবং জেলা ছাত্র ফেডারেশনের ফারহানা মুনা।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি প্রদীপ ঘোষ বাবু, জিয়াউল ইসলাম কাজল, জাহিদুল হক দীপু, সাবেক সাধারণ সম্পাদক মনি সুপান্থ, ধীমান সাহা জুয়েল, চন্দ্রবিন্দুর অধ্যক্ষ সাইফুল আলম নান্টু, এই বাংলার আহ্বায়ক মিলন মাহমুদ, নারায়ণগঞ্জ বন্ধুসভার সভাপতি রাসেল আদিত্য প্রমুখ।


