‘শিশুদের জগতে হ্যামিলনের বাঁশিওয়ালা ছিলেন রনজিত কুমার’
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৫৪ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ‘শিশুদের জগতে হ্যামিলনের বাঁশিওয়ালা ছিলেন রনজিত কুমার’ বলে মন্তব্য করেন আলোচকরা। শ্রুতি সাংস্কৃতিক একাডেমি ও ধাবমান সাহিত্য আন্দোলনের প্রতিষ্ঠাতা এবং সংস্কৃতি সংগঠক প্রয়াত রনজিত কুমারের ৫৮ তম জন্ম বার্ষিকী উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে এক আলোচনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তাঁরা।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টায় শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের ৫ম তলার পরীক্ষণ মিলনায়তনে রনজিত জংশনের উদ্যোগে এ আলোচনার আয়োজন করা হয়।
দীনা তাজরীনের সঞ্চালনায় অনুষ্ঠানে ‘হাঁটতে হাঁটতে, ভাসতে ভাসতে’ শিরোনামে লিখিত বক্তব্য পাঠ করেন- গণমাধ্যম কর্মী মিলটন আনোয়ার। এর পর রনজিত কুমারের জীবন ও কর্মের উপর আলোচনা করেন-খেলাঘর নারায়ণগঞ্জ জেলার সভাপতি রথীন চক্রবর্তী, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও সংস্কৃতি সংগঠক রফিউর রাব্বি, সমাজ অনুশীলন কেন্দ্রের সমন্বয়ক রঘু অভিজিৎ রায়, শিল্পী অমল আকাশ, চলচ্চিত্র কর্মী হাসান জাফরুল বিপুল ও কৃতি কণিকা।
বক্তারা বলেন, রনজিতক কুমার বুঝতে পারতেন কাকে দিয়ে কী হবে। কাকে কোন কাজে লাগানো যাবে। কার কী মনোজগত, সেটা বুঝে তিনি তাকে সেখানে কাজে লাগাতেন। এজন্যই তিনি অনেক বড় সংগঠক ছিলেন। একজন সংগঠক সমাজ পরিবর্তনে কত বড় ভূমিকা রাখতে পারে তা হারে হারে টের পাওয়া যায় তাঁর অকালে চলে যাওয়ায়।
বক্তারা আরও বলেন, সংগঠককে মা-বাবার চেয়েও বড় হতে হয়। তিনি হাজারটা শিশুর অভিভাবক হন। রনজিত কুমারও এমন ছিলেন। অনেক ক্ষেত্রে তিনি আমাদের মা-বাবার ভূমিকায় দায়িত্ব পালন করেছেন। তিনি শিশুদের সাথে চমৎকারভাবে মিশে যেতে পারতেন। তাদের মন বুঝে কাজে লাগাতে পারতেন। শিশুদের জগতে হ্যামিলনের বাঁশিওয়ালা ছিলেন রনজিত কুমার। সফল সাংস্কৃতিক সংগঠক হওয়ার জন্য যে গুণাবলী থাকা দরকার তা রনজিত কুমারে ছিল।
বক্তারা উল্লেখ করেন, গণমানুষের সাংস্কৃৃতির ধারা রনজিত তৈরি করেছেন। তিনি একজন প্রকাশিত মানুষ ছিলেন। রনজিত কুমার অসংখ্য সাংস্কৃতি কর্মী তৈরি করেছেন। তাঁর শিষ্যরাই বর্তমানে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সাংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। রনজিতের অসাধারণ সাংস্কৃতিক প্রতিভা আমাদের কাছে বিস্ময়কর মনে হয়েছে। তাঁর মতো প্রতিভাবান, বিপ্লবধর্মী সাংস্কৃতিক কর্মী আমাদের সমাজে প্রয়োজন।
আলোচনার ফাঁকে রনজিত কুমারে স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘তুমি কি কেবলই ছবি, শুধু পটে লিখা। / ওই-যে সুদূর নীহারিকা / যারা করে আছে ভিড় আকাশের নীড়, / ওই যারা দিনরাত্রি /আলো হাতে চলিয়াছে আঁধারের যাত্রী গ্রহ তারা রবি, / তুমি কি তাদের মতো সত্য নও।’ এ রবীন্দ্র সংগীতটি পরিবেশন করেন রথীন চক্রবর্তী এবং রবীন্দ্র নাথ ঠাকুরের ‘পরিচয়’ কবিতা আবৃত্তি করেন প্রকৌশলী আসিফুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, বাসদ জেলা সমন্বয়ক নিখিল দাস, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি প্রদীপ ঘোষ বাবু, সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ, কেন্দ্রীয় খেলাঘর আসরের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, লক্ষ্যাপাড়ের সমন্বয়ক অসিত কুমার, প্রথম আলো বন্ধুসভা নারায়ণগঞ্জের সভাপতি রাসেল আদিত্য, সাধারণ সম্পাদক উজ্জ্বল উচ্ছ্বাস, কবি রইস মুকুল, রনজিত জংশনের আবিদা রুনা, শাকিল আহম্মেদ সাজু প্রমুখ।
আলোচনা শেষে সংগীত পরিবেশন করেন, শহুরে গায়েন, সমগীত ও রনজিত জংশনের বন্ধুরা। আবৃত্তি পরিবেশন করেন ষড়জ সাংস্কৃতিক অঙ্গনের শিশুরা।


