আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসের মহামারিতে থামছে না লাশের মিছিল। ভাইরাসটির প্রাদুর্ভাবে মৃত্যুপুরী মার্কিন যুক্তরাষ্ট্র। করোনায় মৃত্যুতে সব দেশকে ছাড়িয়ে এখন শীর্ষে অবস্থান করছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে নতুন করে আরও ১ হাজার ৫১৪ জনের মৃত্যু হয়েছে। আগের দিন মৃত্যু হয়েছিল ১ হাজার ৯২০ জনের। তার আগের দিন ২ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারাব। সেই তুলনায় শেষ ২৪ ঘণ্টায় মৃত্যুহার কম।
স্থানীয় সময় রোববার (১২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে মার্কিন গবেষণা সংস্থা ও বিশ্ববিদ্যালয় জনস হপকিন্স এ তথ্য জানায়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, সর্বশেষ ১৫১৪ জনের মৃত্যুর মধ্য দিয়ে সরকারি হিসেব মতে যুক্তরাষ্ট্রে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২২ হাজার ২০ জনে। মৃত ও আক্রান্তের দিক দিয়ে সব দেশকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র।
জনস হপকিন্স জানায়, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৫৫ হাজার ৩১৩ জনের। তবে দেশটির অন্যান্য সব শহরগুলোর মধ্যে সর্বোচ্চসংখ্যক মানুষের মৃত্যু হয়েছে নিউইয়র্ক শহরে।
গভর্নর অ্যান্ড্রু মার্ক কুমো বলেছেন, নিউইয়র্কে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর হার কমেছে। তবে মৃত্যুর এই সংখ্যা এখনও অনেক বেশি। নতুন সংক্রমণ এবং মৃত্যু ভয়াবহ ব্যথা এবং শোকের সঙ্গে সমান্তরাল বলে মন্তব্য করেছেন তিনি। নিউইয়র্কের গভর্নর বলেন, এই ভাইরাস নিখুঁত ঘাতক ভাইরাস। গত ২৪ ঘণ্টায় নতুন করে নিউইয়র্কে আরও প্রায় ২ হাজার মানুষ সংক্রমিত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে আরও ৬৭১ জন। এ নিয়ে যুক্তরাষ্ট্রের এই শহরেই মৃতের সংখ্যা এখন ১০ হাজার ৫৬। অন্যদিকে নিউইয়র্কসহ পুরোদেশে করোনায় প্রাণ হারিয়েছেন ২২ হাজার ৮৫০ জন। দেশটিতে আক্রান্ত হয়েছেন মোট ৫ লাখ ৬৪ হাজার ৩১৭ এবং সুস্থ হয়েছেন ৩৩ হাজার ৭৩৫ জন।
শেষ খবর পাওয়া পর্যন্ত, বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৪ হাজারেরও বেশি। মোট আক্রান্ত ১৮ লাখ ছাড়িয়েছে। এর মধ্যে ৪ লাখ ৩৪ হাজারের মতো মানুষ সুস্থ হয়ে উঠেছেন।


