আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য খাতকে লণ্ডভন্ড করে দিয়েছে করোনাভাইরাস। প্রতিদিনই হু হু করে বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। করোনা বিস্তার কোনোভাবেই কমাতে পারছে না ট্রাম্প প্রশাসন। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে দেশটিতে আরও ১ হাজার ৭১৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে। ফলে এই ভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৪৬৬ জনে।
বিবিসি বলছে, আমেরিকায় এতদিন শুধু সবচেয়ে বেশি আক্রান্ত ছিল। এখন মৃত্যু সংখ্যায়ও ইতালিকে ছাড়িয়ে গেছে। সবচেয়ে বেশি মৃত্যুও এখানেই। আর এটা হয়েছে শনিবার রেকর্ড ২০ হাজারের বেশি মানুষের মৃত্যুতে।
নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুওমো বলেছেন, শনিবার র্যাজের (অঙ্গরাজ্যের) মৃত্যু সংখ্যা ‘সীমা ছাড়িয়ে গেছে’।
তিনি বলেন, এই মৃত্যু ‘সর্বোচ্চ’ নয়। আপনি দেখতে পাচ্ছেন সংখ্যাটি কিছুটা স্থিতিশীল। কিন্তু কিছুক্ষণ পরই তা আবার ভয়াবহ হারে সীমা ছাড়িয়ে যাচ্ছে। এগুলো কেবল অবিশ্বাস্যরকমের ক্ষতি। বেদনা চিত্রিত অবিশ্বাস্য সংখ্যা মৃত্যুর।
এদিকে, চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এই ভাইরাসে গোটাবিশ্বে এখন পর্যন্ত ১৭ লাখ ৭৩ হাজার ৩০১ জন মানুষ আক্রান্ত হয়েছে। আর প্রাণ গেছে ১ লাখ ৮ হাজার ৪৭৭ জনের। হিসাব অনুযায়ী, প্রতি ১৬ জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছে ৪ লাখ ১ হাজার ৪৯৮ জন। হিসেব অনুযায়ী এখন পর্যন্ত প্রতি চারজনের একজন করে সুস্থ হয়েছে।


