কলেজ ছাত্রীকে উত্যক্ত করায় ভ্রাম্যমান আদালতের মুচলেকা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২০, ০৮:২০ পিএম
ফতুল্লায় এক কলেজ ছাত্রীকে উত্যক্ত করার ঘটনায় হাসান (৪০) নামের এক বখাটে পুলিশের সোর্সকে আটক করে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। স্থানীয়রা ভ্রাম্যমান আদালতকে সংবাদ দিলে ঘটনাস্থলে গিয়ে বখাটের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় ফতুল্লা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আজিজুল ইসলাম ভ্রাম্যমান আদালত বসিয়ে তার কাছ থেকে এই মুচলেকা নেন।
বখাটে হাসান ফতুল্লা মুসলিম নগরের এতিমখানা পশ্চিমপাড়া এলাকার মৃত্যু ফটিক চাঁনের ছেলে।
এলাকাবাসী জানায়, মুসলিম নগর দক্ষিন পাড়ার মাষ্টারবাড়ী এলাকার কলেজ পড়ুয়া মেধাবী শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করছিল পুলিশের সোর্স হাসান।
এলাকাবাসী এ বিষয়ে তাকে সাবধান করলেও সে কর্ণপাত করেনি। বৃহস্পতিবার বিকেলে কোচিং করতে চাষাড়া যাওয়ার পথে ওই ছাত্রীর গতিরোধ করে হাসান নানা ধরনের প্রস্তাব দেয়। ছাত্রী হাসানের কথা না শোনায় তাকে টানা হেচড়া করার চেষ্টা করে।
এ সময় স্থানীয়রা হাসানকে আটক করে উত্তম মাধ্যম দিয়ে জেলা প্রশাসনের দ্বারস্ত হয়। ফতুল্লা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আজিজুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে ভ্রাম্যমান আদালত বসিয়ে ভবিষ্যতে তাকে আর উত্যক্ত করবে না মর্মে মুচলেকা নেয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, স্থানীয় লোকজন ইভটিজারকে আটক করে আমাদের সংবাদ দিলে আমরা ভ্রাম্যমান আদালত বসিয়ে ভবিষ্যতে ওই ছাত্রীকে আর উত্যক্ত করবে না মর্মে মুচলেকা নিয়ে ছেড়ে দেই।


