চলমান পরিস্থিতির উন্নতি হলে গার্মেন্টস খোলা হবে: বিজিএমইএ
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২০, ০৭:২৬ পিএম
প্রেস বিজ্ঞপ্তি: করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির উন্নতি হলে পোশাক কারখানা খুলে দেওয়া হবে বলে জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশে গার্মেন্টম ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)।
গতকাল বৃহস্পতিবার রাতে বিজিএমইএর সচিব মোহাম্মদ আবদুর রাজ্জাকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সংগঠনের সদস্য কারখানা খোলা রাখার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারিত হচ্ছে। এ ব্যাপারে বিজিএমইএর অবস্থান অত্যন্ত স্পষ্ট। কারখানা চালু করার আগে নিজেদের সুস্থ ও নিরাপদ রাখতে হবে। যদি সার্বিকভাবে করোনা পরিস্থিতির উন্নতি হয়, তাহলে সঠিক সময়ে কারখানাগুলো খুলে দেওয়া হবে।এই মুহূর্তে বিজিএমইএর প্রথম ও একমাত্র অগ্রাধিকার হচ্ছে, শ্রমিক ভাই-বোনদের স্বাস্থ্য ও নিরপাত্তা নিশ্চিত করা।’
আগামী ২৬ এপ্রিল থেকে পোশাক কারখানা চালুর চিন্তা করছিলেন মালিকরা। তবে সরকার সারা দেশকে করোনা সংক্রমণের ঝুঁকিপূর্ণ ঘোষণা করায় সে চিন্তা থেকে তারা সরে এসেছেন বলে বিজিএমইএর একাধিক নেতা জানিয়েছেন।


