নারী আইনজীবীর সঙ্গে টিপুর ঘটনায় বাঁধনের ক্ষোভ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৩ মে ২০২৬, ১২:০০ এএম
নারী আইনজীবীর সঙ্গে টিপুর ঘটনায় বাঁধনের ক্ষোভ
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভবনের সামনে হকার বসানোকে কেন্দ্র করে সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আমেনা আক্তার শিল্পীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলার যুগ্ম আহ্বায়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সামছুন নূর বাঁধন। গতকাল শুক্রবার (২২ মে) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান। স্ট্যাটাসে অ্যাডভোকেট সামছুন নূর বাঁধন বলেন, পেশাজীবী নারীরা প্রতিদিন সম্মান ও মর্যাদার সঙ্গে কর্মস্থলে দায়িত্ব পালন করেন।
দীর্ঘ সময় একসঙ্গে কাজ করতে গিয়ে সহকর্মীদের মধ্যে পারিবারিক সম্পর্কের মতো বন্ধন তৈরি হয় বলেও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, সহকর্মীদের মধ্যে মতপার্থক্য বা দ্বিমত থাকতেই পারে। তবে কোনো দ্বন্দ্বকে কেন্দ্র করে ব্যক্তিগত আক্রমণ, মানহানিকর মন্তব্য বা অপমানজনক আচরণ অত্যন্ত নিন্দনীয়। অ্যাডভোকেট বাঁধন অভিযোগ করেন, একজন আইনজীবী যখন আরেকজন আইনজীবীকে অকথ্য ভাষায় অপমান করেন বা শারীরিকভাবে হেনস্তার চেষ্টা করেন, তা শুধু পেশাগত অসদাচরণ নয়, বরং নৈতিকতা বিবর্জিত আচরণ।
ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, একজন নারী ও সহকর্মী হিসেবে আরেকজন নারী আইনজীবীর সঙ্গে ঘটে যাওয়া এ ধরনের আচরণের তীব্র প্রতিবাদ জানাচ্ছেন তিনি। একই সঙ্গে আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আইন পেশার মর্যাদা রক্ষা এবং কর্মস্থলে নারী আইনজীবীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।


