Logo
Logo
×

আদালতপাড়া

কুলাঙ্গার বন্ধু কাজলও বিএনপি-ছাত্রদল করতো : এড.হুমায়ুন (ভিডিও)

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২১, ০৯:৫০ পিএম

কুলাঙ্গার বন্ধু কাজলও বিএনপি-ছাত্রদল করতো : এড.হুমায়ুন (ভিডিও)
Swapno

 

সদ্য সমাপ্ত নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে পরাজিত বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি প্রার্থী এড.সরকার হুমায়ুন কবির বলেছেন, হামলার জন্য দায়ী আমার কুলাঙ্গার বন্ধু কাজল। সেও একসময় আমার বন্ধু ছিলো। সেও আমার সাথে বিএনপি করতো, ছাত্রদল করতো! আজকে আওয়ামী লীগে যোগদান করে সন্ত্রাসী হয়ে বিএনপিকে পরাজিত করার জন্য বহিরাগতদের নিয়ে হামলা দেয় অস্ত্র নিয়ে! এটা অত্যন্ত দুঃখজনক!
রোববার (৩১ জানুয়ারি) দুপুরে আদালতপাড়ায় বারভবনের সামনে সদ্য সমাপ্ত নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যান করে আইনজীবী ও সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।


 
এমপি শামীম ওসমানের উদ্দেশ্যে বক্তব্যে তিনি বলেন, আমার আরেকবন্ধু তুমি আজ এমপি হয়ে গেছো, তুমি মন্ত্রী হবা, তুমি অনেক বড় হবা, আমি তোমার সাথে একই সাথে তোলারাম কলেজে রাজনীতি করেছি। তুমি যখন ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলা আমিও তখন ছাত্রদলের প্রেসিডেন্ট ছিলাম। তোমার সাথে আমি কোনদিন রাজনীতির আপোষ করিনি, করলে আমারও গাড়ি-বাড়ি থাকতো! তুমি আসো, এর বিচার করো, কারা মেরেছে, কারা সন্ত্রাস করেছে! আমার আইনজীবীদের মেরেছে, আমার সেক্রেটারি হাসপাতালে!   


 
এমপি সেলিম ওসমানের উদ্দেশ্যে তিনি বলেন, আপনি একজন দানবীর এমপি হিসেবে পরিচিত। আমি শুনেছি আপনি বারে ৩ কোটি টাকা দিয়েছেন। আপনার দান নিয়ে আজকে তারা জোরজবরদস্তির নির্বাচন করে। জোরজবরদস্তির নির্বাচন কমিশন তৈরি করে। সেলিম সাহেব, আপনি আসেন, আপনি কি দান করেছেন, বিএনপিকে মারার জন্য! আপনি কি আইনজীবীদের মারার জন্য দান করেছেন! যদি সেটি হয়ে থাকে, তবে আপনার এমন দান আমরা চাইনা। এই ডিজিটাল বারভবন ভেঙে আপনার টাকা নিয়ে যান! আমরা আইনজীবীরা আমাদের রক্ত দিয়ে, আমাদের পরিশ্রম দিয়ে আমরা আমাদের বারভবন করবো। আপনার উন্নয়ন আমরা প্রত্যাখ্যান করি। দান কখনো বিনিময় হয়না। দান দিয়ে যদি আপনি মনে করেন আইনজীবীদের কিনে নেবেন, আপনার সন্ত্রাসীদের দিয়ে মারধর করবেন তাহলে এই দান আমরা চাইনা, আর যদি সত্যিকারের দান করে থাকেন, তবে আসুন বিচার করুন, কারা আইনজীবীদের মারলো, তাদের গ্রেফতার করুন, কারাগারে পাঠান। তাহলে বুঝবো আপনি দানবীর!


 
 
নির্বাচনের আগে আমি ৫ জনের নামের তালিকা নানা জায়গাতে দিয়েছিলাম।তারা যাতে নির্বাচনে না থাকতে পারে, কিন্তু তারা নির্বাচনের দিন সারাদিন জোরজবরদস্তি করে নীল নকশার নির্বাচন করেছেন। আমরা হারিনি, আমাদের হারানো হয়েছে। হারার জন্য দুঃখ করিনা কিন্তু আমার আইনজীবীকে মারলো কেন? বহিরাগত সন্ত্রাসীরা এসে কার নেতৃত্বে এখানে  আইনজীবীদের মেরেছে এটা আপনারা সবাই জানেন। এখনো তার বিচার হচ্ছেনা, এখনো সে গ্রেফতার হচ্ছেনা কেন? আমি প্রশ্রাসনের কাছে বিচার চাই!
প্রসঙ্গত, ২৮ জানুয়ারি আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণের শেষ পর্যায়ে হামলা ও মারধরের ঘটনা ঘটে। এতে তিন সাংবাদিসহ বেশ কয়েকজন আইনজীবীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। নির্বাচনের ফলাফলে আওয়ামী পন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের পূর্ণ প্যানেল বিজয়ী হয়। নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যান করে বিএনপিপন্থী আইনজীবীরা।


 
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি এড.সাখাওয়াত হোসেন, এড.জাকির হোসেন, এড.রফিক আহমেদ, সাংগঠনিক সম্পাদক এড.আবু আল ইউসুফ টিপু, সাবেক পিপি নবী হোসেন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহসভাপতি আজিজুল হক হান্টু, সাবেক সহসভাপতি মশিউর রহমান শাহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ জাকির, সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম মোল্লা, আব্দুল হামিদ খান ভাষানী, যুগ্ম সম্পাদক এইচ এম আনোয়ার প্রধান, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক নয়ন প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন