এই নির্বাচন আইনজীবী সমিতির ইতিহাসের কলঙ্ক : সাখাওয়াত
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২১, ০৮:০৭ পিএম
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, আমরা আইনজীবী হিসেবে দীর্ঘদিন যাবৎ পেশা পরিচালনা করে আসছি। বার নির্বাচনে বিভিন্ন সময় সেক্রেটারি থেকে শুরু করে সভাপতিসহ বিভিন্ন পদে নির্বাচিত হয়েছি। ২৮ তারিখের মতো বার নির্বাচন জীবনে কখনো দেখিনি। এই নির্বাচন আইনজীবী সমিতির ইতিহাসে কলঙ্কিত অধ্যায় তৈরি করেছে।
আজকে মনে হয়েছে এই সরকার আইনজীবীদের মতামতকে ভয় পেয়েছে। ভয় পাওয়ার কারণে তারা নারায়ণগঞ্জের সর্বস্থান থেকে তাদের দলীয় নেতাকর্মীদের কুড়িয়ে এনে আজকে তারা আদালতকে জিম্মি অবস্থায় পরিনত করেছিলো। তারা শুধু জিম্মি অবস্থায় করে নাই, তারা সেদিন যে ন্যাক্কার জনক ঘটনা ঘটিয়েছে সেই ন্যাক্কার জনক ঘটনা ভাষায় প্রকাশ করার মতো না।
রোববার (৩১ জানুয়ারি) দুপুরে আদালত পাড়ায় সদ্য অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফল প্রত্যাখান এবং আইনজীবী ও সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি।
এ সময় সাখাওয়াত হোসেন আরো বলেন, আমরা একটি সুষ্ঠু নির্বাচন চেয়েছিলাম। সুষ্ঠু নির্বাচন চাওয়া কি অপরাধ। তারা আইনজীবীদের জনমতকে ভয় পেয়ে দলীয় নির্বাচন কমিশন গঠন করে আইনজীবীদের উপর নির্যাতন করেছে। ছবি তোলার কারণে সাংবাদিকদের উপরে যে নির্যাতন হয়েছে তা বর্ণনা দেয়া হয়েছে।
তিনি বলেন, তাদের অবস্থা খারাপ দেখে প্রতিপক্ষকে নির্বাচন থেকে দূরে নেয়ার জন্য হায়নার মতো আইনজীবীদের উপর ঝাঁপিয়ে পড়েছে এবং ভোট কেন্দ্র দখল করে তারা মনের মতো করে রেজাল্ট দিয়েছে। তারা যে রেজাল্ট দিয়েছে সেই রেজাল্ট আজকে এদেশের মানুষ মানে না, আইনজীবী সমাজ মানে না।
তিনি বলেন, আমাদের সাধারণ সম্পাদক পদপ্রার্থীকে এরকমভাবে প্রহার করা হয়েছে যে সে বর্তমানে চিকিৎসাধীন আছেন। তাদের হামলায় পঁচিশজন আইনজীবী আহত হয়েছেন।
তিনি বলেন, সন্ত্রাসীদের এনে আইনজীবীদের পিটানো বা নির্যাতন করা কোন একটি সভ্য দেশে , সভ্য রাজনৈতিক দলের কাজ হতে পারে না। আওয়ামীলীগ একটি প্রাচীন রাজনৈতিক দল হওয়া সত্ব্যেও আজকে নারায়ণগঞ্জে আইনজীবী সমিতির নির্বাচনে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এড. সাখাওয়াত বলেন, যে প্রেসকাইবের ফলাফল ঘোষণা করা হয়েছে, আমরা সেই ফলাফল মানি না। আমরা এই ফলাফল প্রত্যাখান করছি। এই নির্বাচন বাতিল করে, এই নির্বাচন কমিশন বাতিল করে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে আইনজীবী সমিতিতে একটি নতুন নির্বাচন দিতে হবে। আইনজীবীদের শুধু নির্বাচন দিলেই চলবে না। তারা আইনজীবী ও সাংবাদিকদের উপরে যে হামলা ও নির্যাতন করেছে তা সবাই বিভিন্ন অনলাইন মিডিয়ায় দেখেছেন। আমরা এই নির্যাতনের সুষ্ঠু বিচারের দাবি করছি।
তিনি আরো বলেন, নির্বাচনের আগে আমরা এ ধরণের আশঙ্কা করেছিলাম তাই নির্বাচনে যেন বহিরাগতরা আসতে না পারে সেজন্য জেলা ও পুলিশ প্রশাসন এবং প্রেসক্লাব, জজ কোর্টসহ সকল জায়গায় আমরা আবেদন করেছিলাম। অথচ বহিরাগতদের মাধ্যমে অস্ত্রের মুখে আইনজীবী সমিতির নির্বাচনকে কলুষিত করা হয়েছে। আমরা অবিলম্বে এই নির্বাচন বাতিল করে নতুন নির্বাচন দেওয়ার দাবি জানাচ্ছি।
প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাবেক পিপি নবী হোসেন, আব্দুল হামিদ খান ভাসানী ভুঁইয়া, রফিক আহাম্মেদ, সামসুজ্জামান খোকা, সৈয়দ মশিউর রহমান শাহিন, রকিবুল হাসান শিমুল, আজিজুর রহমান মোল্লা, আবু আল ইউসুফ টিপু, কাজী আবদুর গাফফার, মাহমুদুল হক আলমগীর, আবদুস সামাদ মোল্লা, নুরুল আমিন মাসুম, নজরুল ইসলাম মাসুম, আশরাফুল আলম সিরাজী রাসেল, আল আমিন সিদ্দিকী, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সরকার হুমায়ূন কবির, সিনিয়র সহসভাপতি আজিজুল হক হান্টু, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ জাকির, যুগ্ম সম্পাদক এইচএম আনোয়ার প্রধান, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক নয়ন, আইনজীবী ফোরাম নেতা শেখ আনজুম আহমেদ রিফাত, ফজলুর রহমান ফাহিমসহ বিএনপিপন্থী আইনজীবীগণ।


