আইনজীবী সমিতির নির্বাচনে সাংবাদিক ও আইনজীবীকে পেটানোর অভিযোগ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২১, ০৭:৪৮ পিএম
যুগের চিন্তা রিপোর্ট : সারাদিন অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চললেও শেষ সময়ের মাত্র আধঘন্টা আগে আইনজীবী সমিতির নির্বাচনে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। ভোটগ্রহণ শেষ হওয়ার মাত্র আধঘন্টা আগে বিশৃঙ্খলপরিবেশে তিন সাংবাদিক এবং বিএনপিপন্থী কয়েকজন আইনজীবীকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া যায়।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলে। কিন্তু এরপরই ভোটগ্রহণের বুথের কাছেই বহিরাগতরা ঢুকে গেলে মারধর, হৈ-চৈ এবং হট্টগোল শুরু হয় বলে অভিযোগ আইনজীবীদের। এঘটনার পরপরই আদালতপাড়ায় ভীতি ছড়িয়ে পড়ে। সাথে সাথে স্বতন্ত্র প্রার্থী মো.জসিম উদ্দিনও সারাদিন লাপাত্তা থাকার বিষয়টি নিয়েও গুঞ্জন উঠে।
বিপুল সংখ্যক বহিরাগত একসাথে আইনজীবী সমিতি ভবনের নিচতলায় ঢুকে পড়লে, হুড়োহুড়ি, মারামারি এবং বিশৃঙ্খলপরিবেশ তৈরি হওয়ায় আইনজীবী সমিতি নির্বাচনে হঠাৎ উত্তাপ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোর্ট ইন্সপেক্টর মো.আসাদুজ্জামান বেশ কয়েকজন পুলিশ সদস্যকে নিয়ে ভেতরে প্রবেশ করলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। এরপরপরই ভোটগণনা শুরু হয়েছে।
বিএনপিপন্থী আইনজীবী ও নির্বাচনের এক প্রার্থী অভিযোগ করেন, বহিরাগতরা আইনজীবী সমিতির নির্বাচনে ঢুকে আইনজীবীদের মারধর করে নির্বাচনকে কলুষিত করেছে।


