গুন্ডা-পান্ডারা যেন না ঢুকে সে ব্যবস্থা নিন : মাহবুব উদ্দিন খোকন
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২১, ০৬:৪১ পিএম
বিএনপি যুগ্ম মহাসচিব এডভোকেট মাহবুব উদ্দিন খোকন বলেছেন, এবারের নির্বাচন কীভাবে সুষ্ঠ হবে আশাকরি প্রশাসন সে ব্যবস্থা গ্রহণ করবেন। নির্বাচনের দিন যেন গুন্ডা-পান্ডা ও সন্ত্রাসীরা আইনজীবীদের এলাকায় ঢুকতে না পারে সে ব্যবস্থা গ্রহণ করবেন। এর অন্যথা হলে এবার আর ছাড় দেয়া হবে না।
তিনি বলেন, এবারের নির্বাচনে যদি আইন শৃঙ্খলা বাহিনীর কোন কর্মকর্তা, ডিবি, র্যাব বা পুলিশের লোক কোন আইনজীবীকে হয়রানি করে, তাহলে তাদের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে রুল করে প্রধান বিচারপতির নিকট আমরা বিচার চাইব। সুষ্ঠ নির্বাচন করার বিষয়টা আইনশৃঙ্খলা বাহিনী দেখবে এবং সেই ব্যবস্থা গ্রহণ করবে।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনের শেষ প্রচারণার দিনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেলের পরিচিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি আরো বলেন, এমন এক সময় নির্বাচন হচ্ছে যখন আমেরিকায় সরকার পরিবর্তন হয়েছে। সম্ভবত এই বছরেই সাউথ এশিয়ায়ও এই পরিবর্তনটা হবে। তিনি বলেন, আমরা আশা করছি ২০২১ সালেই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।
তিনি বলেন, যদি নারায়ণগঞ্জ বার এসোসিয়েশনের এই পরিবর্তন হয়, এই প্যানেল নির্বাচিত হয়, তাহলে সরকার পরিবর্তনে নারায়ণগঞ্জবাসি অনেক বেশী ভূমিকা রাখতে পারবেন।
আওয়ামীলীগ কেন ভোট চায় প্রশ্ন রেখে তিনি বলেন, তারা বিচারকদের যে কলঙ্কিত করেছে, সারা পৃথিবীতে তা আর হয়নি। তিনি বলেন, আপিল ডিভিশনের পুর্ণাঙ্গ বেঞ্চ রায় দিয়েছে, সেই রায়ের বিরুদ্ধে তারা রিভিউ না করে, কেন রায় দিল সে জন্য আওয়ামী আইনজীবী, নেতা ও মন্ত্রীরা তাদের ধমক দিয়েছে। তারা এক মাস সময় দিয়েছে রায় পরিবর্তন করার জন্য। যদি না করা হয় তাহলে সে সময়ের প্রধান বিচারপতি এসকে সিনহাকে চেয়ারে বসতে দেয়া হবে না বলে ধমক দিয়েছে।
তিনি প্রশ্ন করেন, একবার রায় দিলে তা পরিবর্তন করার কোন সুযোগ কি তাদের আছে? তারা আইনানুযায়ী একটি প্রক্রিয়ায় যেতে পারত। তিনি বলেন, বাংলাদেশের এক সময়ের প্রধান বিচারপতি আজকে কানাডায় রিফুজী।
তিনি বলেন, যারা বিচারকদের কলঙ্কিত করেছে তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে। আইনজীবী সমিতির এই নির্বাচনে তাদের প্রত্যাখ্যান করতে হবে এবং সরকার হুমায়ুন-কামাল পরিষদকে পূর্ণাঙ্গ প্যানেলে নির্বাচিত করতে হবে।
মাহবুব উদ্দিন খোকন বলেন, গতবারের এই বার সমিতির নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীরা আমাদের আইনজীবীদের বাসায় হামলা করেছিল, ধমক দিয়েছিল। এডভোকেট সাখাওয়াত হোসেনের ছেলেকে ডিবি’র লোকেরা আটকিয়ে রেখে দিয়েছিল। এ বছর তার প্রতিশোধের সময়।
জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহসভাপতি আজিজুল হক হান্টুর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব এডভোকেট ফজলুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র আহবায়ক এড. তৈমুর আলম খন্দকার, সদস্য সচিব মামুন মাহমুদ, মহানগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপি’র সিনিয়র সহসভাপতি এড. সাখাওয়াত হোসেন খান, আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. আব্দুল বারী ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পদক এড. জাকির হোসেন, সাবেক পিপি নবী হোসেন।


