আইনজীবী সমিতির নির্বাচনে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সুপার জায়েদুল আলমের সহযোগিতা চেয়েছেন বিএনপির আইনজীবীরা।
বুধবার (২০ জানুয়ারি) দুপুরে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে এ বিষয়ে একটি লিখিত আবেদন জমা দিয়েছেন তারা। পুলিশ সুপার জায়েদুল আলম আইনজীবী নেতাদের আশ্বস্ত করেছেন এবং নির্বাচনের দিন যে কোন ধরনের অপ্রিতিকর পরিস্থিতি মোকাবেলায় নারায়ণগঞ্জ পুলিশ সর্বদা তৎপর থাকবে বলে নিশ্চিত করেছেন।
এ সময় এড. সাখাওয়াত হোসেন খান পুলিশ সুপারকে জানান, নির্বাচনে সরকারী দল কারচুপি করতে আইনজীবীদের নির্বাচনে বহিরাগতদের নিয়ে এসে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হয়। তাছাড়া নির্বাচনের আগে বিএনপির আইনজীবীদের নানাভাবে হুমকি প্রদান করা হয়।
পুলিশ সুপার জায়েদুল আলম এসব কথা শুনে আইনজীবীদের কোন প্রকার হুমকি প্রদান করা হলে সাথে সাথে তাকে অবহিত করতে বলেন এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেন।
জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এড. আবুল কালাম আজাদ জাকির জানান, নির্বাচনের দিন সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা একজন এএসপি’র নেতৃত্বে পুলিশের একটি দল সার্বক্ষণিকভাবে নিয়োজিত রাখার আবেদন জানিয়েছি। সেইসাথে নির্বাচনের আগে আইনজীবীদের নানাভাবে হুমকি প্রদান করা হয় বলেও জানিয়েছি এবং এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছি।
এসময় প্রার্থীদের সাথে আরো উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী এডভোকেট নবী হোসেন, এড. আজিজুর রহমান মোল্লা, এড. রকিবুল হাসান শিমুল, এড. কাজী আ: গাফফার, এড. আ: সামাদ আজাদ, এড. নুরুল আমিন মাসুম, এড. নজরুল ইসলাম মাসুম, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আজিজুল হক হান্টু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন, আইনজীবী ফোরাম নেতা এড. শেখ আনজুম আহমেদ রিফাত, এড. ফজলুর রহমান ফাহিম প্রমুখ।


