Logo
Logo
×

আদালতপাড়া

এই নির্বাচন কমিশনে সুষ্ঠ নির্বাচন সম্ভব নয় : এড. সাখাওয়াত

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২১, ০৮:৫২ পিএম

এই নির্বাচন কমিশনে সুষ্ঠ নির্বাচন সম্ভব নয় : এড. সাখাওয়াত
Swapno

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপি’র সিনিয়র সহসভাপতি এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনের জন্য এজিএম এর মাধ্যমে যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে তা একটি রাজনৈতিক দল থেকে নেয়া হয়েছে। এতে করে আইনজীবীদের ভোটের অধিকার ধ্বংস করে দেয়া হবে। এই নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠ নির্বাচন কোনক্রমেই সম্ভব নয়।

 

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে বিএনপি সমর্থক আইনজীবীদের এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

 

এ সময় তিনি আরো বলেন, আমরা এই প্রহসনের নির্বাচন কমিশন বাতিল করে একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের দাবী জানাচ্ছি। অন্যথায় নারায়ণগঞ্জ বারের সাধারণ আইনজীবীদের নিয়ে দুর্বার প্রতিরোধ গড়ে তোলা হবে।

 

তিনি বলেন, নারায়ণগঞ্জের আইনজীবীদের ভোটের অধিকার কেড়ে নেয়ার নীল নক্সা বাস্তবায়নের জন্য আজ একটি প্রহসনের এজিএম আয়োজন করা হয়েছে, যা মাত্র দুই মিনিটেই শেষ হয়ে গেছে।

 

জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এড. আবুল কালাম আজাদ জাকির বলেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো আইনজীবী সমিতির এজিএম মাত্র দুই মিনিটে শেষ হয়েছে। আমরা এজিএম এর শুরুতে কোন বিষয়ে কোন প্রকার অভিযোগ উত্থাপন করি নাই। কারণ আমরা নির্বাচন কমিশন নিয়ে বিস্তারিত আলোচনা করতে চেয়েছিলাম।

 

তিনি বলেন, সেখানে কাউকে কথা বলার কোন প্রকার সুযোগ না দিয়ে সভা শেষ করে দেয়া হয়। নির্বাচনে বিএনপি যাতে অংশ নিতে না পারে সে লক্ষ্যে একটি প্রহসনের নির্বাচন কমিশনও গঠন করা হয়। আমরা এই অচল নির্বাচন কমিশন মানি না।

 

সমাবেশ শেষে বিএনপি’র আইনজীবীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে আদালতপাড়া প্রদক্ষিণ করে। 

 

এ সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এড. সরকার হুমায়ুন কবীর, সিনিয়র আইনজীবী এড. খোরশেদ আলম মোল্লা, এড. রকিবুল হাসান শিমুল, এড. আজিজুর রহমান মোল্লা, আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক এড. এইচএম আনোয়ার প্রধান, এড. কামাল হোসেন মোল্লা, এড. শেখ আনজুম আহমেদ রিফাত, এড. ফজলুর রহমান ফাহিম, এড. কেএম সুমন. এড. আনিসুর রহমান প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন