বন্দরে আরাফাত হত্যার প্রধান আসামি ৪ দিনের রিমান্ডে
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২০, ০৪:৫১ পিএম
বন্দরে স্কুল ছাত্র আরাফাতকে অপহরণের পর হত্যার মামলার প্রধান আসামী রিপনের ৪দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিপন উপজেলার মদনপুর ইউনিয়নের লাউসার এলাকার ইসলাম মিয়ার ছেলে।
বুধবার (২৩ ডিসেম্বর) সকালে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ফেরদৌসের আদালতে হাজির করে পুলিশ ৭দিনের রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে তার ৪ দিনের মঞ্জুর করেন।
এর আগে ২২ ডিসেম্বর মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. মিল্টন মিয়ার আদালতে আত্মসমর্পণ করে রিপন।
এবিষয়ে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক ওসি মো. আসাদুজ্জামান বলেন, বন্দরে অপহরণের পর স্কুল ছাত্র আরাফাতকে হত্যার ঘটনার মামলার প্রধান আসামী রিপনকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে ৪ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
নিহত আরাফাত রহমান (১১) বন্দর উপজেলার লাউসার গ্রামের মদনপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. রফিকুল ইসলাম মনা’র ছেলে। সে নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
উল্লেখ্য, ১৫ ডিসেম্বর রাত ৯ টার দিকে বিজয় দিবস উপলক্ষে বাড়ি পাশের কনসার্ট অনুষ্ঠানে যায় আরাফাত। কনসার্ট থেকে রাতে বাড়ি ফেরার পথে একই এলাকার ইসলাম মিয়ার ছেলে রিপনসহ আরো অজ্ঞাত নামা ২/৩ জন মিলে আরাফাতকে ধরে নিয়ে যায় বাড়ির পাশে পরিত্যক্ত এক স্কুল ভবনে। সেখানে নিয়ে প্রথমে ইট দিয়ে মাথা থেঁতলে দেয়। পরে গলা টিপে মৃত্যু নিশ্চিত করে বাড়ির পাশের পুকুরে ফেলে দেয়। শুক্রবার সকালে পুকুরে লাশ ভাসতে দেখে গ্রামবাসী পুলিশে খবর দেয়।
এই ঘটনায় শনিবার ১৯ ডিসেম্বর রাতে আরাফাতের মা রিনজু বেগম বাদী হয়ে রিপনকে প্রধান আসামি করে এবং রাব্বিসহ আরো ৪/৫কে অজ্ঞাত আসামি করে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


