নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক ভোজ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২০, ০৩:৩৮ পিএম
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক ভোজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় আইনজীবী সমিতির নব নির্মিত ভবনে বার্ষিক ভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আইনজীবী সমিতির সভাপতি এড. মোহসীন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ও দায়রা জজ মোঃ আনিসুর রহমান।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই বার ভবন তৈরির পিছনে আপনারা অনেক পরিশ্রম করেছেন। আপনাদের পরিশ্রমের ফসল হচ্ছে এই বার ভবন। সারা দেশে এমন বার ভবন আর কোথাও রয়েছে কিনা তা আমার জানা নেই। সকলের সহযোগিতায় যে ভবন আপনারা তৈরি করেছেন তা সত্যিই প্রশংসার দাবিদার।
সভাপতির বক্তব্যে এড. মোহসীন মিয়া বলেন, এই বার ভবন তৈরির জন্য ঐতিহ্যবাহী ওসমান পরিবারের সদস্য সাংসদ সেলিম ওসমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করা যাবেনা। এছাড়াও জেলা ও দায়রা জজ আনিসুর রহমান স্যার এবং আরো অনেকেই আমাদেরকে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন।
বক্তব্য শেষে আইন পেশায় যারা দীর্ঘ ২৫ বছর সময় পার করেছেন তাদের মধ্যে ২৮ জনকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. মাহবুবুর রহমান এর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ফেরদৌসী, সাবেক সাংসদ এড. হোসনে আরা বাবলী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, পাবলিক প্রসিকিউটর এড. ওয়াজেদ আলী খোকন, জিপি মেরিনা বেগম, বারের সাবেক সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, সাবেক সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রউফ, বীর মুক্তিযোদ্ধা এড. তারাজ উদ্দিন, সাবেক সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল, এড. আব্দুর রশিদ ভূইয়া সহ অন্যান্য আইনজীবীগণ।


