সাখাওয়াত প্যানেলের নিরঙ্কুশ বিজয়, ভরাডুবিতে তৈমুর প্যানেল
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২০, ০৯:১৭ পিএম
বিএনপির আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নারায়ণগঞ্জ জেলা শাখার কমিটির সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. সাখাওয়াত হোসেন খানের অঘোষিত প্যানেল হুমায়ূন- জাকির নেতৃত্বে গঠিত প্যানেলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পাঁচটি পদের পাঁচটিতে নিরঙ্কুশ বিজয়ী হয়েছেন ।
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এড. তৈমুর আলম খন্দকারের অঘোষিত প্যানেল ভাষানী - মামুন নেতৃত্বে গঠিত প্যানেলের ৫টি পদের মধ্যে একটিতেও জয়ী হতে পারেনি তৈমূর আলম খন্দকার অনুগামী কোন প্রার্থী।
বুধবার ( ৯ ডিসেম্বর) সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীন ভাবে নতুন কোর্টের সামনে এড. আঃ বারী ভূঁইয়ার চেম্বারে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় । এই নির্বাচনে দুটি প্যানেল নির্বাচনে অংশগ্রহণ করেন। মোট ভোটার ৩০৪ জন এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ২৭৬ জন।
এছাড়াও তৈমূর আলম খন্দকারের সঙ্গে একজোট হয়েছিলেন মহানগর বিএনপির সভাপতি ও সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম।নারায়ণগঞ্জ বিএনপির শীর্ষ এই দুই নেতা একজোট হয়েও সাখাওয়াত হোসেন খানের প্যানেলের কাউকেই পরাজিত করতে পারলেন না।
মুলত যোগ্য নেতৃত্ব ও সিনিয়র আইনজীবীদের অবজ্ঞা করে সকলের মাঝে অগ্রহণযোগ্য আইনজীবীদের প্রার্থী করায় তার এমন ভরাডুবি ঘটেছে মনে করছেন আইনজীবীরা।
এই সম্মেলনে তৈমূর আলম অনুগামীদের প্যানেল থেকে প্রতিদ্বন্ধিতা করে সভাপতি পদে এড. আব্দুল হামিদ খান ভাসানী ভুঁইয়া পেয়েছেন ১২৪ ভোট, সেক্রেটারি পদে এড. আজিজ আল মামুন পেয়েছেন ৯১ ভোট, সিনিয়র সহ-সভাপতি পদে এড. সীমা সিদ্দিকী পেয়েছেন ১১২ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এড. আনিসুর রহমান মোল্লা ১১৫ ও সাংগঠনিক সম্পাদক পদে এড. আলী হোসাইন পেয়েছেন ১১৬ ভোট।
এড. সাখাওয়াত হোসেন খান অনুগামী প্যানেলের সভাপতি প্রার্থী এড. সরকার হুমায়ুন কবির পেয়েছেন ১৪৭ ভোট, সেক্রেটারি পদে এড. আবুল কালাম আজাদ জাকির পেয়েছেন ১৬৯ ভোট, সিনিয়র সহ-সভাপতি পদে এড. আজিজুল হক হান্টু পেয়েছেন ১৫৯ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এড. এইচএম আনোয়ার প্রধান পেয়েছেন ১৪৫ ভোট ও সাংগঠনিক সম্পাদক পদে এড. একেএম ওমর ফারুক নয়ন ১৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এ ছাড়াও এককভাবে সাধারণ সম্পাদক সম্মেলনে ভোটের লড়াইয়ে করেছেন এড. সুমন মিয়া। তিনি পেয়েছেন ১০ ভোট। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩০৪ জন আইনজীবী। ভোট প্রদান করেছেন ২৭৬ জন আইনজীবী।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাস, অ্যাডভোকেট আব্দুল বারী ভুঁইয়া ও অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
নির্বাচনে পর্যবেক্ষনে এসেছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা বিভাগীয় টিমের প্রধান ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন।


