দুর্নীতি মামলায় সেই নুর হোসেনের চার্জ গঠনের শুনানি ৬ জানুয়ারি
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ নভেম্বর ২০২০, ০৩:৫২ পিএম
আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি ফাঁসির দণ্ডপ্রাপ্ত নূর হোসেনের বিরুদ্ধে দুর্নীতি দমন দুদকের দায়ের করা দুর্নীতির মামলার চার্জ গঠনের শুনানি আগামী ৬ জানুয়ারি।
বুধবার (১১ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমানের আদালতে দুর্নীতি দমনের মামলায় চার্জ গঠনের শুনানির দিন ছিলো। এই মামলার পরবর্তী চার্জ গঠনের শুনানির দিন আগামী ৬ জানুয়ারি। সেশন নং ০২/১১ , নারায়ণগঞ্জ সদর থানা নং ৩৮(১১)২।
এর আগে সকালে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নূর হোসেনকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জে আদালতপাড়ায় নিয়ে আসা হয়। আদালতে হাজিরা শেষে আবার কড়া নিরাপত্তার মধ্যে দুপুরে দেড়টার দিকে ফের তাঁকে কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়ায় হয়। এ সময় আদালত এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল।
নারায়ণগঞ্জ পাবলিক প্রসিকিউটর ( পিপি ) এড. এস. এম ওয়াজেদ আলী খোকন বলেন, আলোচিত সাত খুনের ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি নুর হোসেনের বিরুদ্ধে দুদকের দায়েরকৃত নারায়ণগঞ্জ সদর থানার দুর্নীতি প্রতিরোধ আইনের ( ৪০৯) ও (৪২০ ) ধারার মামলায় আজ চার্জ গঠনের শুনানির দিন ছিলো । এই মামলার পরবর্তী চার্জ গঠনের শুনানির দিন আগামী ৬ জানুয়ারি।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, দুর্নীতির মামলায় সকালে নুর হোসেনকে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জে আদালতে হাজির করা হয়। হাজিরা শেষে তাঁকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণের পর হত্যার ঘটনায় ২০১৭ সালের ১৬ জানুয়ারি মামলার রায়ে নূর হোসেন ও র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দেন আদালত। এরপর থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেন কারাগারে বন্দী রয়েছেন।


