২০১২ সালের সিদ্ধিরগঞ্জ থানার একটি মাদক মামলায় জসিম উদ্দিন (৩৫) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। সেই সাথে ২০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত জসিম উদ্দিন চাঁদপুর জেলার বাকিলা বাজার পাটোয়ারি বাড়ির আব্দুল মান্নানের ছেলে।
রায়ের বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি জাসমীন আহমেদ বলেন, আদালত ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১)এর ৩(খ) ধারায় ফেনসিডিল ক্রয়-বিক্রয়ের অপরাধে আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। একই আইনের ২২(গ) ধারায় বিদেশি বিয়ার ক্রয়-বিক্রয়ের অপরাধে ৩ বছরের সশ্রম কারাদণ্ড পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
তিনি বলেন, ২০১২ সালের ২৬ অক্টোবর র্যাব-৩ সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাকস্ট্যান্ড এলাকায় অভিযার চালিয়ে ৩৩১ বোতল ফেনসিডিল ও ৪৮ ক্যান বিদেশি বিয়ারসহ জসিমউদ্দিনকে গ্রেপ্তার করে। পরে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়।


