যুবদলনেতা স্বপন, ছাত্রদলনেতা মাসুম কারাগারে
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২০, ০৬:১১ পিএম
রূপগঞ্জ থানা পুলিশের দায়েরকৃত সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও সোনারগাঁও উপজেলা যুবদলের আহবায়ক সহিদুর রহমান স্বপন ও ছাত্রদল নেতা আবু মাসুম রিমান্ড শেষে কারাগারে পাঠানো আদালত।
রোববার ( ৮ নভেম্বর ) দুপুরে রূপগঞ্জ থানা পুলিশ রিমান্ড শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুনের আদালতে উঠালে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন । মামলা নং ১৬।
এর আগে শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুনের আদালত সহিদুর রহমান স্বপনের ৩দিন এবং শনিবার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবুজ্জামানের আদালত ছাত্রদল নেতা আবু মাসুমের ১দিনের রিমান্ড মঞ্জুর করেন ।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার আসামী সহিদুর রহমান স্বপন ও ছাত্রদল নেতা আবু মাসুমের রিমান্ড শেষে আদালতে উঠালে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন ।
গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাতে ভুলতা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আমিনুর রহমান আমান বাদী হয়ে ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনে সহিদুর রহমান স্বপনকে প্রধান আসামী করে ১০১ জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।
মামলার বাকী আসামীরা হলেন, বিএনপির সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভুইয়া, জেলা যুবদলের সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি দুলাল আহমেদ, জেলা যুবদল যুগ্ম সম্পাদক আরিফুজ্জামান ইমন, রূপগঞ্জ যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন, সজীব, নারায়ণগঞ্জ যুবদল নেতা দুলাল, সারোয়ার হোসেন রাজীব, আবু বক্কর, নয়ন, রাশিদুল হক ও গনির নাম উল্লেখ্য করে ৮০-৯০ জনকে অজ্ঞাত আসামী করা হয়।
মামলায় উল্লেখ করা হয়, মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর প্ররাচনায় বিদেশে অবস্থানরত তাদের দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাথে ল্যাপটপ প্রজেক্টরের মাধ্যমে রাষ্ট্রবিরোধী অপরাধ সংগঠনের উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলক সন্ত্রাসী কর্মকান্ড করার লক্ষ্যে শলা পরামর্শ করিতেছে। গোপন সংবাদে এমন খবর পেয়ে অভিযান চালায় ভুলতা ফাঁড়ির পুলিশ।


