Logo
Logo
×

আদালতপাড়া

৬ বছর পর মৃত মামুনের জীবিত ফেরা : ৪ বছর পর ৬ জনের অব্যাহতি

Icon

যুগের চিন্তা রিপোর্ট 

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২০, ০৯:০৮ পিএম

৬ বছর পর মৃত মামুনের জীবিত ফেরা : ৪ বছর পর ৬ জনের অব্যাহতি
Swapno

মামুন নামের এক যুবকের নিখোঁজ হওয়ার দুই বছর পর ফতুল্লা মডেল থানায় দায়ের করা অপহরণ ও হত্যা মামলার চার বছর পর ৬ আসামীকে অব্যাহতি দিয়েছে আদালত।
 
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুুপুরে মামলার শুনানি শেষে নারায়ণগঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ফেরদৌসের আদালত আসামিদের অব্যাহতি দেন।
 
এর আগে ২০১৪ সালে মামুন নিখোঁজ হয় মামুন। এর দুই বছর পর ২০১৬ সালে মামুনের বাবা বাদী হয়ে মামুনকে ডেকে নিয়ে অপহরণ ও হত্যার পর শীতলক্ষ্যা নদীতে লাশ ফেলে দেয়ার অভিযোগ এনে ৬ জনকে বিবাদী করে  এই মামলাটি করেন।
 
এ ঘটনায় মাকসুদা নামে এক বিবাদী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তীমূলক জবানবন্দি দেন এবং বিবাদীরা বিভিন্ন মেয়াদে কারাভোগ করে জামিন পান। মামলার কার্যক্রম শুরুর চুড়ান্ত পর্যায়ে গত ৩০ সেপ্টেম্বর হঠাৎ করেই আদালতে জীবিত হাজির হন মামুন।
 
আদালত এ ঘটনায় মামলার তিন তদন্ত কর্মকর্তা ফতুল্লা মডেল থানার এসআই মিজানুর রহমান, নারায়ণগঞ্জ সিআইডির সহকারী পুলিশ সুপার হারুন অর রশিদ ও এসআই জিয়াউদ্দিন উজ্জলকে আদালতে সশরীরে হাজির হয়ে এই ঘটনার ব্যাখ্যা দেয়ার আদেশ দেন।
 
গত ১ নভেম্বর তারা লিখিতভাবে আদালতের কাছে তাদের তদন্তের ভুল-ভ্রান্তির কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করলে আদালত তা গ্রহণ না করে তাদেরকে ৫ নভেম্বরে সশরীরে হাজির হয়ে এ বিষযের ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেন।
 
অন্যদিকে ঘটনার ভিকটিম জীবিত ফিরে আসায় এই মামলার চার্জগঠনের কোন প্রয়োজনীয়তা বা যৌক্তিকতা নেই বলে আদালতকে লিখিতভাবে জানান আসামী পক্ষের আইনজীবী এমদাদ হোসেন সোহেল।

তিনি মামলাটিকে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ উল্লেখ করে বাদী ও তদন্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

আইনজীবী এমদাদ হোসেন সোহেল জানান, বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে তদন্ত কর্মকর্তাদের ব্যাখ্যা শোনার পর শুনানি শেষে আদালত আসামিদের মামলা থেকে অব্যাহতি দেন।
 
তিনি বলেন, ‘এই মামলায় আসামিরা বিভিন্ন মেয়াদে কারাভোগ করেছেন। একাধিকবার তাদের রিমান্ডে নিলেও তদন্ত কর্মকর্তারা সঠিকভাবে তদন্ত করেনি। এর প্রতিকার চেয়ে আদালতে একটি পিটিশন দিয়েছি।’ মামলা দিয়ে হয়রানি করার কারণে বাদীপক্ষের বিরুদ্ধে মামলা করবেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, ২০১৪ সালের ১০ মে মামুন নামে এক যুবককে অপহরণের পর হত্যা করে লাশ গুম করা হয়েছে এমন অভিযোগে ঘটনার দুই বছর পর ২০১৬ সালের ৯ মে ৬ জনকে বিবাদী করে ফতুল্লা মডেল থানায় মামলা করেন নিখোঁজ মামুনের বাবা আবুল কালাম।
 
মামলার আসামীর তালিকায় ছিলেন, তাসলিমা, তার বাবা রহমত উল্লাহ, ভাই রফিক, খালাতো ভাই সোহেল ও সাগর এবং মামা সাত্তার মোল্লা।
 
তাদেরকে গ্রেপ্তারের পর ফতুল্লা মডেল থানার এস আই মিজানুর রহমান আদালতে আসামিদের রিমান্ড চাওয়ার সময়ে আর্জিতে উল্লেখ করেন, খালাতো বোন তাসলিমা ২০১৪ সালের ১০ই মে মামুনকে ডেকে নিয়ে কৌশলে অপহরণ করে বিষাক্ত শরবত পান করিয়ে নির্মমভাবে হত্যা করে লাশ শীতলক্ষ্যায় ফেলে দিয়ে গুম করেছে।
 
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মামলার তদন্তে আসামীদের কাছ থেকে তথ্য উদঘাটনে ব্যর্থ হওয়ায় তদন্তের দায়িত্ব পায় সিআইডি পুলিশ।

সিআইডি’র সহকারী পুলিশ সুপার হারুন অর রশিদ ২০১৯ সালের ১৮ ডিসেম্বর ২১ জনকে সাক্ষী করে আদালতে ৬ আসামীর বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন।

সেই চার্জশীটেও কৌশলে মামুনকে বাড়িতে ডেকে এনে তাসলিমা বিয়ের প্রস্তাব দিলে সে রাজী না হওয়ায় বিবাদী ৬ জন মিলে মামুনকে কোমল পানির সঙ্গে চেতনানাশক দ্রব্য খাইয়ে অচেতন করে সিএনজি চালিতা অটো রিকশা করে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যায় বলে উল্লেখ করা হয়েছে।
 
এরপর ২ অক্টোবর আসামীদের বিরুদ্ধে চার্জগঠনের তারিখ নির্ধারিত থাকলেও ওই দিনই কথিত অপহরণ খুন ও গুমের শিকার মামুন স্বশরীরে আইনজীবীর মাধ্যমে আদালতে উপস্থিত হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন