তল্লার মসজিদ বিস্ফোরণের মামলায় মসজিদ কমিটির সভাপতি ও আ.গফুরের জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালতে এ জামিন আদেশ দেন। এর আগে, বিজ্ঞ আদালতে আসামি পক্ষের আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন মঞ্জুর করেন।
জামিনের বিষয়টি নিশ্চিত করে পাবলিক প্রসিকিউটর (পিপি) ওয়াজেদ আলী খোকন বলেন, আজ আসামি পক্ষের আইনজীবী জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত এই মামলার চার্জশিট জমা দেবার আগ পর্যন্ত আ. গফুরকে জামিন দেয়।
এর আগে, গত শুক্রবার (৩০ অক্টোবর) রাতে তল্লা এলাকা থেকে মসজিদ কমিটির সভাপতি আব্দুল গফুরকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে পশ্চিম তল্লার বায়তুস সালাত জামে মসজিদে বৈদ্যুতিক স্পার্ক থেকে উৎসারিত আগুন ও তিতাসের পাইপের লিকেজ থেকে জমা হওয়া গ্যাসে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় দগ্ধ ৩৪ জনের মৃত্যু হয়েছে।


