ফতুল্লায় এসিড নিক্ষেপে ৪ জনের যাবজ্জীবন
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২০, ১০:৩৪ পিএম
২০০৫ সালের ফতুল্লায় এক নারীকে এসিড নিক্ষেপ করার ঘটনায় অপরাধ দমন আইনের একটি মামলায় ৪জনকে যাবজ্জীবন কারাদন্ড ও প্রত্যেককে ২৫ হাজার করে সর্বমোট ১ লাখ টাকার অর্থদন্ডে দন্ডিত করেছে আদালত। এছাড়াও অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদন্ডে দন্ডিত করেছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক বেগম সাবিনা ইয়াসমিনের আদালত সাক্ষীদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এ রায় ঘোষণা করেন। সে সময়ে আসামিরা কেউ আদালতে উপস্থিত ছিলেন না।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- নারায়নগঞ্জ জেলার মন্টু মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম, জামালপুর জেলার মাদারগঞ্জ থানার মধু মিয়ার স্ত্রী সুন্দরী বেগম, ফতুল্লা থানার বেবীর বাড়ীর ভাড়াটিয়া এরশাদ ও তার স্ত্রী সেফালী বেগম ওরফে সাফিয়া বেগম। সে সময় আসামি মনোয়ারা বেগম ছাড়া অপর আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না।
রায়ের বিষয়টি নিশ্চিত করে বেঞ্চ সহকারী জাহাঙ্গীর হোসেন বলেন, সাক্ষীদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরূদ্ধে আনীত অভিযোগ গুলো সত্য বলে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত এ রায়ের ঘোষণা দিয়েছেন। রায় প্রদানের সময়ে বাদী ও আসামীরা কেউ উপস্থিত ছিল না।
মামলা সূত্রে জানা যায়, ২০০৫ সালের ২১ জানুয়ারী ইসদাইর বাজার সংলগ্ন বেবী বেগমের বাড়ীর ভাড়াটিয়া রোনজানা বেগম ফতুল্লা থানায় একটি এসিড অপরাধ দমন আইনের একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ২১(১)০৫।
মামলায় রোনজনা বেগম উল্লেখ করেন, পূর্ব শত্রুতার জের ধরে ২০০৫ সালের ৯ জানুয়ারী দিবাগত রাত ১ ঘটিকার সময় উক্ত আসামিরা ইসদাইর বাজারস্থ বেবী বেগমের বাড়ীর বাদীনির ভাড়াকরা ঘরের বেড়া কেটে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় এসিড ছুড়ে মারে।
সে এসিডে বাদীনির বাম চোখ, বাম গাল, কপালে ও বাম হাত ঝলসাইয়া যায়। যার ফলে বাদীনির বাম চোখ নষ্ট হয়ে যায়।
এসিড ছুড়ে মারলে বাদীনির ঘুম ভেঙ্গে যায়। আসামিরা পালিয়ে যায় সে সময় ভুক্তভোগী রোনজনা বেগমের স্বামী মো. আ. বারেক আসামিদের দেখে চিনে ফেলে।
পরে রোনজনা বেগম কিছুটা সুস্থ হয়ে ফতুল্লা থানায় অপরাধ দমন আইনে ২০০২ এর ৫ (ক) ধারায় একটি মামলা দায়ের করে।


