সিদ্বিরগঞ্জে দুই বোনকে ধর্ষণ : আবু বক্করের ২দিনের রিমান্ড
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২০, ০৬:১৭ পিএম
সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকায় আপন দুই বোনকে ভয় দেখিয়ে মুখে গামছা বেঁধে ধর্ষণের মামলায় গ্রেফতার আবু বক্করের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৪অক্টোবর) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবুজ্জামানের আদালতে হাজির করে পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, গত সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকার ৬ তলার একটি কক্ষ থেকে আবু বক্করকে পুলিশ গ্রেফতার করে। পরে রাতে ধর্ষিত দুই বোনের পিতা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় আবু বক্করকে আসামি করে মামলা দায়ের করে।
মামলায় উল্লেখ করা হয়, কান্দাপাড়া একই এলাকায় একটি ৬ তলা ভবনের কেয়ারটেকার আবু বক্করকে তারা নানা বলে ডাকতো। গত ৫ সেপ্টেম্বর তারা দুই বোন অভিমান করে খালার বাসায় যাওয়ার পথে আবু বক্কর তার ঘরে ডেকে নেয়। পরে তাদের ভয় দেখিয়ে মুখে গামছা বেঁধে ধর্ষণ করে এবং এ ঘটনা কাউকে না বলার জন্য বলে দেয়।
এসআই আলমগীর হোসেন বলেন, ভুক্তভোগী দুই বোন সিদ্ধিরগঞ্জ থানাধীন মৌচাক এলাকার একটি পোশাক কারখানায় কাজ করে। তাদের একজনের বয়স ১৫ বছর এবং অন্য জনের ১১ বছর। গত ৫ অক্টোবর রাত আনুমানিক ১০টার দিকে তারা কাজ শেষে বাসায় ফিরছিল।
ওইসময় আবু বক্কর (৫৫) তাদের ডেকে নিয়ে গিয়ে একটি ঘরে আটকে রেখে ধর্ষণ করে। ঘটনাটি গোপন রাখতে হত্যার হুমকি দেওয়ার পাশাপাশি নানা ধরনের ভয়ভীতি দেখানো হয়।
ঘটনার ৭ দিন পর সোমবার রাতে দুই বোনের অভিভাবকরা থানায় অভিযোগ করে। পরে ওই রাত সাড়ে ১২টায় কান্দাপাড়া এলাকার জাহাঙ্গীরের বাড়ির ৬ তলা ফ্ল্যাটের দরজা ভেঙে আবু বক্করকে আটক করে পুলিশ। তিনি ওই বাড়ির তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করেন।


