স্ত্রী হত্যার অপরাধে স্বামীর মৃত্যুদন্ড
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২০, ০৮:১৫ পিএম
স্ত্রী হত্যার অপরাধে স্বামী আশরাফ হোসেন কামাল’র মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে আসামির অনুপস্থিতিতে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়েরা জজ প্রথম আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা এই রায় দেন। মৃত্যুদন্ড প্রাপ্ত কামাল নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার তৈয়বপুর গ্রামের মৃত নরুল গনীর ছেলে।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী শিপ্রা মোদক জানান, ২০০৫ সালের ১ ফেব্রুয়ারী পারিবারিক কলহের জেরে সোনারগাঁয়ের সানজিদাকে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী আশরাফ হোসেন। পরে গলায় ওড়না পেচিয়ে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে এটাকে আত্মহত্যা বলে প্রচার করে।
তবে পুলিশ সানজিদার মরদেহ উদ্ধার করে শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠালে ময়নাতদন্তের রিপোর্টে শ্বাসরোধে হত্যা করার বিষয়টি প্রকাশ পায়। এ ঘটনায় সোনারগাঁ থানায় পুলিশের উপপরিদর্শক (এসআই) ফিরোজ খান বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।


