মাস্ক না পড়ায় আইনজীবী ও আ’লীগ নেতাসহ ১৪ জনকে জরিমানা (ভিডিও)
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ আগস্ট ২০২০, ০৬:৩৪ পিএম
নারায়ণগঞ্জ আদালত পাড়ায় মাস্ক না পড়ে চলাফেরা করায় তিন আইনজীবী ও এক আওয়ামীলীগ নেতাসহ ১৪ জনকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
সোমবার (১০ আগষ্ট) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুল হাসান মারুফ, নুসরাত আরা খানম, ফারজানা আক্তারও নাছরিন আক্তার এ অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত আরা খানম বলেন, যারা মাস্ক ব্যবহার করছে না তাদের আমরা জরিমানা করছি। মাস্ক ব্যবহার না করায় আদালতপাড়ায় ঘুরা ফেরার অপরাধে আইনজীবী এড. আব্দুল মান্নান ও এড. সুজন প্রধানকে জরিমানা করা হয়। একই অপরাধে আওয়ামী লীগের এক নেতা এম এ বাসেদ ভূইয়াসহ ১৪ জনকে জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসান মারুফ বলেন, বর্তমানে মাস্ক পড়াটা বাধ্যতামূলক। সেই সাথে সামাজিক দুরত্ব মেনে ৩ ফুট দূরে থাকতে হবে। সরকার এ বিষয়ে প্রজ্ঞাপনও জারি করেছেন।
নির্দেশনা অমান্য করে মাস্ক পরিধান না করায় সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইনের ২০১৮ (২৫) এর ‘খ’ অনুযায়ী ১৪ জনকে ১শ’ টাকা করে ১৪শ’ টাকা জরিমানা করা হয়। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, সোমবার সকালে মন্ত্রিসভার বৈঠকে করোনা সংক্রমণ রোধে আরো সতর্ক ও সচেতন করার পাশাপাশি মাস্ক পরতে বাধ্য করাসহ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


