সিদ্ধিরগঞ্জে চোরাই তেলসহ গ্রেপ্তার ৩ আসামি ১ দিনের রিমান্ড
প্রকাশ: ০৫ মার্চ ২০২০, ০৫:৪২ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জে র্যাব-১১'র অভিযানে ১০টি ড্রাম ভর্তি ২ হাজার লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার চোরাই চক্রের সক্রিয় তিন সদস্যের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে হাজির ৫ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডপ্রাপ্তারা হলো- মো. তারা মিয়া (৩৫), মো. লিটন (৩৯) ও মো. হোসেন (৩৪)।
এর আগে গত সোমবার (২ মার্চ) দুপুরে গোদনাইল পদ্মা রোড বারমা স্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ওই চোরাই তেল, পিকআপসহ ৩ জনকে গ্রেফতার করে র্যাব। এ সময় চোরাই তেল সরবারহের কাজে ব্যবহৃত ১টি পিকআপ (ঢাকা মেট্টো ন-১৫-৮৪৪১) জব্দ করা হয়। পরে বিকেলে র্যাব ১১’র সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোদনাইলে পদ্মা ও মেঘনা ডিপো কেন্দ্রিক বেশ কয়েকটি চোরাই তেলের সিন্ডিকেট গড়ে উঠেছে। ডিপো হতে প্রতিদিন শত শত তেলের লরী তেল ভর্তি করে দেশের বিভিন্ন অঞ্চলে যায়।
এই সিন্ডিকেটের কাছে কিছু অসাধু লরীর ড্রাইভার ও হেলপার নামে মাত্র মূল্যে তেল ভর্তি লরী থেকে চুরি করে তেল বিক্রি করে। চোরাই চক্র এই তেলের সাথে ভেজাল তেল মিশিয়ে বিভিন্ন ব্যবসায়ীদের কাছে এই তেল সরবরাহ করে।
এই তেল ব্যবহার করে গাড়ীর ইঞ্জিন ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। গ্রেফতারকৃতরা বিভিন্ন কৌশলে অবৈধ উপায়ে জ্বালানী তেল সংগ্রহ এবং মজুদ করে অবৈধভাবে কেনাবেচা করে আসছে। পরে তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।


