আদালতপাড়ায় টাউট বাটপারের বিরুদ্ধে অভিযান, লাল টাই পড়তে নির্দেশ
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৩৮ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪ ) : আদালত পাড়ায় টাউট বাটপার রোধে অভিযানে নেমেছে নবনির্বাচিত জেলা আইনজীবী সমিতি নেতৃবৃন্দ। টাউট বাটপার প্রতিরোধে শিক্ষানবিশ আইনজীবীদের বাংলাদেশ বার কাউন্সিল নির্ধারিত লাল টাই পড়তে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।
একই সঙ্গে আইনজীবী সমিতির নির্ধারিত ফাইল, হাজিরা, ওকালতনামা, বেলভন্ড, রিলিজ, সমন, পরোয়ানা ফেরতসহ সকল কাগজপত্র বিক্রি হচ্ছে কিনা তা তদারকিতে নেমেছেন সমিতির নেতারা।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযানে নামে জেলা আইনজীবী সমিতি। দুদিনের অভিযানে বেশ কজনকে আটক করে আদালত থেকে উচ্ছেদ করা হয়েছে। যেসব শিক্ষানবিশ আইনজীবীরা লাল টাই পড়েনি তাদের লাল টাই পড়ে কোর্টে প্রবেশ করতে বলা হয় এবং যারা এখনো ইন্টিমেশন জমা না দিয়ে কোর্টে শিক্ষানবিশ হিসেবে কাজ করছেন তাদের আদালত ত্যাগ করতে বলা হয়।
এ ছাড়াও যারা আইনজীবী সহকারী হিসেবে কাজ করছেন তাদের বৈধ কাগজপত্র রয়েছে কিনা সেগুলো যাচাই বাছাই করা হয়। যারা কোন বৈধ পরিচয়পত্র ছাড়া কোর্টে কাজ করছেন তাদের টাউট হিসেবে চিহ্নিত করে আদালতপাড়া থেকে বের করে দেয়া হয়।
জানা গেছে, গত ২৯ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২০-২১ কার্যকরী পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনিত সভাপতি প্রার্থী এড. মুহাম্মদ মোহসীন মিয়া ও সাধারণ সম্পাদক প্রার্থী এড. মাহবুবুর রহমানের নেতৃত্বে ১৭ জনের পূর্ণ প্যানেল বিজয়ী হয়।
গত ২ ফেব্রুয়ারি (রোবববার) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২০-২১ সালের দায়িত্ব গ্রহণ করেছেন সভাপতি এড. মুহাম্মদ মোহসীন মিয়া ও সাধারণ সম্পাদক এড. মাহবুবুর রহমানের নেতৃত্বে ১৭ জন আইনজীবীদের নির্বাচিত পরিষদ।


